
কুমিল্লার চৌদ্দগ্রামে গণপিটুনিতে মহিন উদ্দিন প্রকাশ গাউয়া (২৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, চুরি করতে গিয়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে। অপরদিকে নিহতের স্ত্রী আকলিমা আক্তার লিমার দাবি, পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিন উদ্দিন ধর্ষণ, চুরি, ডাকাতি ও ইভটিজিংসহ একাধিক মামলার আসামি। সম্প্রতি সে জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাতে গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে জনৈক সরোয়ার আলমের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে লুকিয়ে রাখে। পরে আবারও সে ওই বাড়িতে গিয়ে সিএনজি অটোরিকশা চুরি করার সময় লোকজন টের পেয়ে চোর বলে চিৎকার করে।
এ সময় আশপাশের লোকজন মহিন উদ্দিনকে ধাওয়া করে ধনড়া ঈদগাহে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মহিন উদ্দিনের ছোট বোন সালমা আক্তার ও তার স্বামী নাঈম তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহিন উদ্দিন একজন চিহ্নিত চোর। শনিবার ভোরে ওই এলাকায় আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। আমরা জাতীয় সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহত হওয়ার পর স্বজনরা খবর পেয়ে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
নিহতের স্ত্রী আকলিমা আক্তার লিমা বলেন, ‘আমার স্বামী এক সময় খারাপ পথে চলতো। সাম্প্রতিক সময়ে তার আরও একটি সন্তান দুনিয়াতে আসার সংবাদ পেয়ে সে সব অপকর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। সে চৌদ্দগ্রামের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা খাটরা গ্রাম থেকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ট্রেনিং সেন্টার এলাকায় ভাড়া বাসায় থাকি।
শুক্রবার সকালে আমাকে নিয়ে সে মোটরসাইকেলে করে পরিকোট এলাকায় যায়। সেখানে তাঁর পূর্ব পরিচিত রুবেল ও রাজিব মোটরসাইকেলটি আটক করে চাঁদা দাবি করে। টাকা না দিলে মীর আহম্মেদ তোয়ান নামে এক সন্ত্রাসীর হাতে তুলে দেবে বলে ভয়ভীতি দেখায়। আমরা ভীত হয়ে ১১ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রামের বাসায় ফিরে আসি।’
তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তার মায়ের বাজার শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে সে পুনরায় খাটরা গ্রামে যায়। সেখান থেকে বোনের বাড়ি পাশ্ববর্তী দশবাহা গ্রামে যাওয়ার কথা বলে বের হয়। তারপর থেকে তার মোবাইল ফোনটি বেজে উঠলেও কেউ রিসিভ করেনি। শনিবার ভোরে আমার বোন সালমা আক্তারের মাধ্যমে জানতে পারি, তাকে পিটুনি দিয়ে আটক করে রাখা হয়েছে।
আমি সংবাদ পেয়ে সেখানে মীর আহম্মেদ তোয়ানের সঙ্গে দেখা করি। সে আমার সঙ্গে বিভিন্ন টালবাহানা করে। একপর্যায়ে আমরা ধনড়া ঈদগাহ গিয়ে দেখি, মহিন উদ্দিন মাটিতে পড়ে আছে। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
আকলিমা আক্তারের দাবি, তার স্বামী এক সময় খারাপ থাকলেও অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সকল অপকর্ম ছেড়ে দেয়। তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসিফ ইকবাল বলেন, ‘গণপিটুনিতে আহত মহিন উদ্দিন নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাকে আমাদের কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়নি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মহিন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক করে গণপিটুনিতে সে আহত হয়। তাঁর স্বজনরা উদ্ধার শেষে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে