
প্রবাসীদের সংখ্যার অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসাবে এ জেলার অবস্থান পঞ্চম। অর্থাৎ চাঁদপুর থেকে যাঁরা যাচ্ছেন, অন্য জেলার প্রবাসীদের তুলনায় তাঁরা একটু বেশি আয় করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দক্ষতা হচ্ছে, আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি। শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করবার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। এর মধ্যে কিছু কাজ হচ্ছে যন্ত্রপাতি দিয়ে করতে হয়। যেমন আইটি সেক্টর—সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সে দক্ষতা অর্জন করতে পারলে, আমার আয় রোজগার বাড়বে, আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমাদের দেশ উন্নত হবে।’
মন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান থেকে জানতে পারলাম, গত বছর আমাদের চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। আমরা আশা ও বিশ্বাস করি, তাঁরা সকলেই বৈধভাবে, যথাযথ কাজের ব্যবস্থা করে তাঁরা গেছেন এবং তাঁরা কেউ অবৈধ অভিবাসী হননি। তাঁরা কেউ অনিরাপদ অবস্থায় নেই। তাঁরা সবাই নিরাপদে আছেন—এটা আমরা ভাবতে চাই।’
দীপু মনি বলেন, ‘প্রবাসীদের যে সংখ্যা, সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসাবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যাঁরা যাচ্ছেন, তাঁরা একটু বেশি আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তাঁরা ভালো কাজ করছেন।’
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
ইমরান আহমেদ বলেন, ‘দক্ষ হলো যিনি নিজের হাত দিয়ে কাজ করেন। আর শিক্ষিত হলো যাঁরা মেধা ও কলম দিয়ে কাজ করেন। শিক্ষিত যতই উচ্চ পর্যায়ের হন না কেন। আপনি যদি স্ক্রু ড্রাইভার ধরতে না পারেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কোনো কাজ না করতে পারেন, তাহলে তিনি দক্ষ নন, তিনি শিক্ষিত। আমাদের কাজ হলো শিক্ষিত ও দক্ষ মানুষ কিংবা কর্মী তৈরি করা।’
মন্ত্রী বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ যান। কুমিল্লা ও চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। যেখান থেকে বেশি লোক বিদেশে যায়, সেখানেই দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন। গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার বিদেশে গিয়েছে। আমি চাইব এ বছর ১ লাখ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হয়।’
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘দালাল চক্র আমাদের সমাজের এবং আত্মীয়স্বজনের মধ্যেই বেশি। আমরা যদি সচেতন হই, তাহলে দালাল চক্র কমে আসবে। দালাল চক্র কমে আসলে আপনারা কম খরচে বিদেশে যাবেন এবং যে খরচ করে যাবেন, তা দ্রুত পূরণ করতে পারবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, দালাল চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
বক্তব্য শেষে অতিথিরা প্রশিক্ষণকেন্দ্রের আঙিনায় বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসীকল্যাণমন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’র ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৭ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে