
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার দলের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ জানান।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে দলটির ২৪ নেতা-কর্মী নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে গতকাল রোববার খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিবৃতিতে সিপিবি নেতারা গ্রেনেড হামলার ঘটনাকে জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক ন্যক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, কোনো শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিক এই নির্মম হামলা বিনা শাস্তিতে যেতে দিতে পারে না।
বিবৃতিতে বলা হয়, আসামিদের ঢালাওভাবে খালাস দেওয়া এবং বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও বাতিল ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করল। এ রায়ে হামলায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটাল।
এই রায়ের মধ্য দিয়ে ঢালাওভাবে সব আসামিকে খালাস দেওয়ায় ভবিষ্যতে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ জোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পথ অনুসরণ এবং আইনের শাসনের যথাযথ বরখেলাপ বলে মনে করে সিপিবি।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর নেপথ্যের হোতাদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সিপিবি নেতারা বলেন, এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের প্রহসন হয়েছে। দেশবাসী আর কোনো প্রহসন দেখতে চায় না। এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে