
কাজ শেষে কর্মকর্তারা-কর্মচারীরা বাসায় ফেরার দুই ঘণ্টা পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ব্যাংকের ভেতর থেকে বহিরাগত এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার রাতে সাভার পৌর এলাকার বাজার রোডের ইউসুফ ম্যানশনের দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের সাভার শাখায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরলগল গ্রামের জয়নাল খানের ছেলে। ঢাকার ধামরাইয়ের আড়ালিয়া এলাকায় থেকে তিনি হকারি করেন।
টাকা চুরি করতে গতকাল বুধবার ব্যাংক চলাকালীন বেলা দেড়টার দিকে ব্যাংকের ভেতরে ঢুকে স্টোররুমে আত্মগোপনে ছিলেন সাইদুল। ধরা পড়ার পর আনসার সদস্যদের তিনি এ কথা জানান।
এর আগে ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সাইদুল জানিয়েছিলেন, তাঁর ৭ লাখ টাকা ঋণ রয়েছে। ওই পরিমাণ টাকা ব্যাংকের ভল্ট থেকে চুরি করার জন্য একটি রড কাটার করাত নিয়ে তিনি গতকাল বুধবার বেলা দেড়টার দিকে কৌশলে ব্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে ছিলেন।
ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রাসেল বলেন, ‘গতকাল বুধবার কাজ শেষ করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবাই ব্যাংকে তালা দিয়ে চলে যান। ওই সময় অন্য আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন। তাঁরা চলে গেলে রাত ৮টার দিকে আমি ব্যাংকে আসি। এরপর আমি ব্যাংকের বাইরে বেলকনিতে বসে কিছু সময় কাটাই। রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকে ঢুকে পেছনের দিকে গেলে স্টোররুমে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পাই। ভেতরে উঁকি মারতেই তাঁকে বসে থাকতে দেখি। তাঁর হাতে লোহা কাটার করাত ছিল। লোকটিকে দেখেই আমি দৌড়ে বাইরে গিয়ে ব্যাংকের মূল ফটক বন্ধ করে দিই। এরপর বিষয়টি অন্যদের জানাই। তাঁরা এলে সাইদুলকে আটক করে বেঁধে ফেলি। পরে ব্যাংকের ম্যানেজার স্যারকে জানাই। রাত ১০টার দিকে স্যার এসে ব্যবস্থা নেন।’
ইউসুফ ম্যানশনের নিরাপত্তার দায়িত্বে থাকা হারুন বলেন, ব্যাংকে ডাকাত ঢুকেছে এমন খবর প্রচার হওয়ার পর ব্যাংকের সামনে হাজারো লোক জড়ো হয়ে আটক ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে।
লোকটি সবার চোখ এড়িয়ে ব্যাংকে ঢুকে কীভাবে আত্মগোপন করে থাকার সুযোগ পেলেন, এমন প্রশ্নের জবাবে জনতা ব্যাংক সাভার শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘আমরা প্রতিদিন চেক করে বের হই। গতকালও চেক করেই ব্যাংক থেকে বের হয়েছি। এর পরও লোকটি কীভাবে ব্যাংকের ভেতরে রয়ে গেলেন, বুঝতে পারছি না।’
মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘বিষয়টি জানার পর সাভার থানায় জানানো হয়। রাত ১০টার দিকে সাভার থানার তিন কর্মকর্তা এসে আটক সাইদুলকে তাঁদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু জনতা তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সাইদুলকে মেরে ফেলতে পারে এই ভয়ে তাঁরা ফিরে যান। পরে রাত ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে তাঁকে থানায় নিয়ে যান। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
জনতা ব্যাংক ঢাকা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লোকটি দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করলেও টাকাপয়সা চুরি করতে পারেননি। ভল্টও সুরক্ষিত রয়েছে। তবে ধরা না পড়লে হয়তো বড় কোনো অঘটন ঘটতে পারত।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে