
বিচারিক সেবার জন্য ঘুষ, দুর্নীতি ও অনিয়ম রোধে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হটলাইন ও অভিযোগ বাক্স চালু করেছেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে।
শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় আদালতের কর্মচারীদের জন্য ‘ঘুষের’ রেট নির্ধারণের বিষয়টি নজরে এলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অভিযোগ বাক্স চালু করেন।
আজ সোমবার আদালত চত্বরের দেয়ালে অভিযোগ বাক্স স্থাপন করা হয়। এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিটি জেলা ও দায়রা জজ, আদালতের বিচারক, আদালত পুলিশ, সরকারি কৌঁসুলি (পিপি), জেলা তথ্য কর্মকর্তা, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের কাছে পাঠানো হয়েছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপ্রার্থী, বিজ্ঞ আইনজীবী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আওতাধীন যেকোনো আদালত বা শাখায় বিচারিক সেবা নেওয়ার সময় কোনো প্রকার ঘুষ, দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিতভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরের দেয়ালে স্থাপিত অভিযোগ বাক্সে জানানোর অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে নির্ধারিত হোয়াটসঅ্যাপযুক্ত হটলাইন ০১৭৭৮৮৪২৯৪৯ নম্বরে সরাসরি কল করে বা যেকোনো ধরনের ঘুষ নেওয়া বা দেওয়ার উদ্যোগের ঘটনা দেখলে ভিডিও, অডিও, স্থিরচিত্রসহ (যদি থাকে) জানানোর জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের [email protected]–এই ঠিকানায় সরাসরি ই-মেইল করে যেকোনো অভিযোগ জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রতিটি মাধ্যমে পাওয়া অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার।’
জানা গেছে, সম্প্রতি শরীয়তপুর আইনজীবী সমিতির এক সভায় আদালতের পেশকার, পিয়ন ও আদালত পুলিশের জন্য বিভিন্ন কাজের ঘুষ নির্ধারণ করে রেজ্যুলেশন করা হয়। ৬ মার্চ অনুষ্ঠিত ওই সভার ঘুষ নির্ধারণের রেজ্যুলেশন আদালতের বিভিন্ন কর্মচারী, আইনজীবী ও তাঁদের সহকারীদের কাছে পাঠানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানকে গতকাল রোববার কারণ দর্শানোর নোটিশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
কারণ দর্শানোর নোটিশের এক দিন পর এবার দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে বিচারিক সেবাকে আরও স্বচ্ছ করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে নতুন পদক্ষেপ হিসেবে অভিযোগ বাক্স ও হটলাইন নম্বর চালু করা হয়।
শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সামছুল হক সরকার আজকের পত্রিকাকে বলেন, শরীয়তপুর আদালতের কোনো কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত নন। আইনজীবী সমিতি নিজেদের স্বার্থে একটি ফি নির্ধারণ করলেও বিচার বিভাগ তা সমর্থন করেন না। দুর্নীতিতে আদালতের অবস্থান জিরো টলারেন্স। আদালতের কর্মচারীদের নাম ব্যবহার করে কেউ যদি বিচারপ্রার্থীদের হয়রানি করেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অভিযোগ নেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে