
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে নদের পানিতে ট্রাক পড়ে গেছে। আজ ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী বাজারে তুরাগ নদের ওপরের ব্রিজটি ভেঙে যায়।
এ ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেতুটি পার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে গেলে তা ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ আরেক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, প্রায় তিন বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি ব্রিজের মধ্যে দুটি দিয়ে ভারী যানবাহন চলাচল করত। আর ছোট যানবাহন ও জনসাধারণের হেঁটে চলাচলের জন্য একটি ব্রিজ খুলে দেওয়া হয়। গত কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী ভারী যানবাহন চলাচল করা সেতুগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআরটি কর্তৃপক্ষ। এরপর থেকেই যানবাহনগুলো ওই বেইলি ব্রিজ ব্যবহার শুরু করে।
এদিকে গত রাতে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বিআরটি প্রকল্পের নিচের অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা থেকে গাজীপুরগামী সব যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহারে নির্দেশ দিয়েছে।
বেইলি ব্রিজের পার্শ্ববর্তী চা-দোকানি মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন গিয়ে দেখি বেইলি ব্রিজটি ভেঙে পাথরবোঝাই ট্রাক নদে পড়ে গেছে। পরে ট্রাকের চালকসহ আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লোকজন।’
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুটি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করত। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহার করতে হবে।
জাফর আহমেদ আরও বলেন, অপরদিকে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা থেকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকায় যেতে পারছে না। কামারপাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। তাতে ঢাকা থেকে গাজীপুরগামী যানবাহনগুলো ওই ব্রিজ দিয়ে পারাপার হতো। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়ে দিয়েছিলাম।’
এই প্রকৌশলী বলেন, ‘ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে। সড়ক বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি অপসারণের কাজ শুরু করতে পারে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে