ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সেই তরুণের পরিচয় পাওয়া গেছে। আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর গতকাল রোববার রাতে স্বজনেরা তাঁর খোঁজ পান। এরপর হাসপাতালে গিয়ে তাঁরা তরুণের সম্পর্কে জানতে পারেন।
এর আগে ছেলের খোঁজ না পেয়ে ওই তরুণের বাবা নিজের ছেলে মনে করে অন্য একজনের লাশ দাফন করেন। মৃত হিসেবে দাফনের পর ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তিনি আনন্দে কান্না করে দেন। তবে ছেলের উপযুক্ত চিকিৎসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চিকিৎসাধীন তরুণের নাম রিফাত হোসেন (১৯)। তাঁর বাবার নাম লুৎফর রহমান। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মৈশাবান ইউনিয়নের পারানির পাড়া গ্রামে। তিনি মা-বাবার সঙ্গে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় থাকেন ও স্থানীয় সিঞ্জুরিয়া দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় পড়ালেখা করেন।
রিফাতের পরিবার থেকে জানানো হয়েছে, রিফাত আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষার জন্য তিনি মাদ্রাসার হোস্টেলে থাকতেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে মাদ্রাসা বন্ধ করে দেওয়ায় তিনি বাসায় চলে যান। গত ৫ আগস্ট সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। ওই দিন কয়েকবার মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তাঁর কথা হলেও বিকেল ৫টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন বাসার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপালে গোলাগুলির খবর পেয়ে স্বজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। এনাম মেডিকেলেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোনো হাসপাতালেই রিফাতের খোঁজ মেলে না।
রিফাতের বাবা লুৎফর রহমান বলেন, ‘রিফাতকে না পেয়ে এক প্রতিবেশীর তথ্য অনুযায়ী পরের দিন (৬ আগস্ট) আশুলিয়া থানার সামনে যাই। সেখানে একটি পোড়া লেগুনার ভেতরে দুটি পোড়া লাশ দেখতে পাই। দাঁত উঁচা একটি লাশ দেখে ওই লাশটি আমার ছেলের বলে শনাক্ত করি। কারণ আমার ছেলেরও দাঁত উঁচা। এরপর সেই লাশ গ্রামের বাড়ি নিয়ে গিয়ে দাফন করে আশুলিয়ায় চলে আসি। গতকাল রোববার রাতে ওর এক বন্ধু আজকের পত্রিকার সংবাদের সঙ্গে ছাপা হওয়া ছবি দেখে চিনতে পেরে আমাকে মোবাইল ফোনে কল করেন। এরপর এনাম মেডিকেলে গিয়ে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাই।’
লুৎফর রহমান বলেন, ‘ছেলেকে জীবিত পেলেও আমরা তাঁকে নিয়ে শঙ্কিত। হাসপাতালের পক্ষ থেকে টাকা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর মাথার ভেতরে গুলি বের করতে পারেননি। যা বের করা ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমার ছেলেকে ঢাকার কোনো হাসপাতালে বা দেশের বাইরে নিয়ে যাব সে সামর্থ্য আমার নাই। আবার গুলি বের না করলেও সে সুস্থ হবে না।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক ছেলেটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর মাথার পেছন দিক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁকে নিউরো আইসিওতে ভর্তি করে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘ছেলেটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তাঁর মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে