
ভেঙে যাওয়া স্টিলের আসনের কাঠামোর ওপরে বসানো কাঠের বেঞ্চি। তার গা-ঘেঁষে চায়ের দোকান। জায়গাটি যাত্রীছাউনি হলেও সেখানে থামে না বাস। চায়ের দোকানদার জানালেন, কঙ্কালসার যাত্রীছাউনিটিতে এখনো যে মানুষ বসতে পারে, সেটা তাঁরই অবদান। আসনের স্টিল/লোহাগুলো খুলে নিয়ে গেছে ভবঘুরেরা, তার ওপরে কাঠের বেঞ্চিটা তিনিই বসিয়েছেন। যাঁরা চা খেতে আসেন, তাঁরা ওখানে বসেন। ওই জায়গাটুকু না থাকলে তাঁর বেচাবিক্রিও কমে যাবে। রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের সামনের রাস্তার যাত্রীছাউনির চিত্র এটি।
গত মঙ্গলবার বিকেলে ছাউনিতে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন সাবরিনা আকতার নামের এক নারী। দীর্ঘসময় অপেক্ষার পর তিনি বুঝতে পারলেন, এখানে কোনো বাস থামে না। জানতে চাইলে সাবরিনা কিছুটা বিরক্তি নিয়ে বলতে থাকেন, ‘বাসই যদি না থামে, তাইলে এইটা বানাইছে ক্যান?’
আরও কয়েকটি স্থান সরেজমিনে দেখা গেল, শুধু এই ছাউনিই নয়, রাজধানীর বেশির ভাগ যাত্রীছাউনি ও বাস বে’র (গণপরিবহনের যাত্রী ওঠা-নামার জন্য নির্ধারিত স্থান) একই অবস্থা। কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এগুলো যাত্রীদের কাজে লাগছে না। কোনো ছাউনি থাকে হকার আর ভবঘুরেদের দখলে, কোনোটা পড়ে আছে অকেজো হয়ে। বেশির ভাগ ছাউনির সামনে থামে না বাস। ফলে দূরে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা বাসে উঠতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মাঝেমধ্যে চলন্ত বাসে উঠতে গিয়ে আহত হন কেউ কেউ।
২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নগর-পরিকল্পনাবিদদের পরামর্শ অনুযায়ী রাজধানীর দুই সিটির অধীনে ১৩০টি বাস স্টপেজ ও যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাসরুট রেশনালাইজেশন কমিটির চাহিদামতো বিভিন্ন পথে চলা বাসের রুট অনুযায়ী যাত্রীছাউনি নির্মাণের পরিকল্পনা করা হয়।
তবে দুই সিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জায়গা না পাওয়াসহ নানা কারণে পরিকল্পনা অনুযায়ী যাত্রীছাউনি ও বাস বে নির্মাণ সম্ভব হয়নি। দুই সিটি করপোরেশনের উদ্যোগে ২০১৬ সাল থেকে গত বছর পর্যন্ত অন্তত ৬৯টি নতুন যাত্রীছাউনি নির্মিত হয়। এ ছাড়া সংস্কার করা হয় পুরোনো কয়েকটি ছাউনি।
নগর-পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, দুই সিটিতেই গত কয়েক বছরে বেশ কিছু যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। কিন্তু পরিকল্পনাতে যেই স্থানে ছাউনিগুলো করার কথা বলা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেই জায়গায় ছাউনি নির্মাণ সম্ভব হয়নি। আগে বা পরে নির্মাণ করা হয়েছে। মূল পয়েন্টে নির্মাণ না করার কারণে সেখানে বাস থামে না।
এ বিষয়ে ডিএসসিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কিছু ছাউনি নির্মাণ করতে গিয়ে দেখা গেছে, সেটার নিচ দিয়ে ড্রেনেজ লাইন বা ইউটিলিটিজ লাইন চলে গেছে। ফলে সেখানে ছাউনি নির্মাণ করা যায়নি। আগে বা পরে নির্মাণ করতে হয়েছে। কিছু ক্ষেত্রে আবার জায়গা পাওয়া যায়নি। তাই পরিকল্পনা অনুযায়ী যাত্রীছাউনি নির্মাণ সম্ভব হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট কয়টি যাত্রীছাউনি আছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৬ সাল থেকে ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের আওতায় ৪০টি ছাউনি ও বাস বে তৈরি করা হয়েছে। আর চারটি পুরোনো যাত্রীছাউনি মেরামত করা হয়েছে। নতুন যাত্রীছাউনি নির্মাণে একেকটিতে গড়ে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু ক্ষেত্রে ছাউনির মূল কাঠামো ছাড়াও পুলিশ বক্স, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত সংস্কার, বাস বে নির্মাণ করা হয়েছে। সে ক্ষেত্রে খরচ আরও বেশি পড়েছে। নতুন নির্মিত ২০টি ছাউনি বিজ্ঞাপনের জন্য ভাড়া দিয়েছে ডিএসসিসি। ২০ যাত্রীছাউনি থেকে বছরে মেলে ৩১ লাখ ৮৪ হাজার টাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রয়েছে অন্তত ২৯টি ছাউনি। এর মধ্যে বিমানবন্দর সড়ক অংশের বনানী ও কাকলি প্রান্তে এবং কালশী মোড়ের ছাউনিগুলোতে রয়েছে বাস বে। এসব বাস বে ও যাত্রীছাউনি নির্মাণে ব্যয় গড়ে ১২ লাখ টাকা করে প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা। আরও ২৪টি ছাউনির পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
এ ছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৮ সালে ছয় কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কের দুই পাশে দৃষ্টিনন্দন ১২টি যাত্রীছাউনি নির্মাণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলিস্তান, মালিবাগ, মগবাজার, বিমানবন্দর, খিলক্ষেত, ঢাকা সেনানিবাস রেলওয়ে স্টেশন, এমইএস, বনানী, কাকলি, গুলশান, মোহাম্মদপুর, ধানমন্ডি-২৭, সোবহানবাগ, কলাবাগান, ল্যাবএইড হাসপাতাল, শ্যামলী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওসহ বিভিন্ন পয়েন্টে থাকা যাত্রীছাউনির কোনোটিতে বেসরকারি উদ্যোগে চলা কোনো গণপরিবহন তথা বাস থামে না। তবে বাসরুট রেশনালাইজেশন কমিটির উদ্যোগে চলা ‘নগর পরিবহনে’র বাস কিছু যাত্রীছাউনিতে থামতে দেখা গেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে