চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কামাল হোসেন (৬৩) নামের এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গুরুতর জখম অবস্থায় প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়া বা মাঝের পাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় প্রতিজ্ঞা নার্সিং হোমের পাশে গুরুতর জখম অবস্থায় কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে আমি মারা যাওয়ার কিছু আগে হাসপাতালে নেওয়ার পথে জিজ্ঞাসা করি, তোমাকে কে মেরেছে? সে কিছু বলে না। পরে আবার বলি, মোতাহারের জামাই? আমার স্বামী কোনো রকমে মাথা নাড়িয়ে জামাই শব্দটা খুব আস্তে করে বলেই চুপ হয়ে যায়। আর কথা বলেনি। পরে ডাক্তার বলল সে মারা গেছে।’ এই কথা বলতে বলতে সেলিনা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। আমরা অবশ্য তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ডান কান দিয়ে রক্তপাত হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর জখম কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি, স্বাধীন নামের এক যুবকের সাথে জমি নিয়ে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এবং অভিযুক্ত স্বাধীনকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে