
শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ফোড়া অস্ত্রোপচার করার সময় রোগীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহায়কের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ের ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভিযোগ ওঠা ব্যক্তি হলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মেহেদী হাসান শাহীন। তাঁর বিরুদ্ধে ময়দান আলী (৫২) নামের এক রোগীর ফোড়া অস্ত্রোপচার ও এ সময় রোগীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শাহীন ও সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা গা ঢাকা দিয়েছেন।
গতকাল শনিবার রাতে ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ সাতজনের নামে নিহত ময়দান আলীর ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় জুয়েল ও তামিমকে গ্রেপ্তার করেছে। ময়দান আলীর বাড়ি উপজেলার মামদামারী গ্রামে।
মামলার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। তিনি বলেন, ‘ময়দান আলীর ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ সাতজনের নামে একটি মামলা দায়ের করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে কোনো অপারেশন থিয়েটার নেই। এখানে বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মেহেদী হাসান শাহীনকে দিয়ে ছোটখাটো অপারেশনসহ হাড় ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
গতকাল বিকেলে ময়দান আলী বাম হাতের বগলের নিচে একটি ফোড়ার চিকিৎসা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে শেরপুর সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এ সময় ৫ হাজার টাকায় চুক্তিতে অস্ত্রোপচারের কথা বলে রোগীকে ও তাঁর পরিবারের লোকজনকে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান দালাল।
গতকাল বিকেলে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের অফিস কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মেহেদী হাসান শাহীন লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে রোগীর অস্ত্রোপচার করছিলেন। এতে অস্ত্রোপচারের সময় রোগীর মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে শাহীন ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ দ্রুত সটকে পড়েন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বলে পরিবারের লোকজন জানান।
ময়দানের চাচাতো ভাই আব্দুর রশিদ বলেন, ‘ময়দান আলী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। এ সময় দালাল তাঁকে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। পরে অস্ত্রোপচার করার একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে