
নেত্রকোনার মদনে শম্ভু বিশ্বাস (৫১) নামের এক হত্যা মামলার বাদীর গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
শম্ভু বিশ্বাস পদমশ্রী গ্রামের যুগেন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে শম্ভু বিশ্বাসের ভাই রানা বিশ্বাসকে হত্যা করা হয়। এ ঘটনায় শম্ভু বিশ্বাস অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এই চার ব্যক্তি হলেন উপজেলার মাঘান নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া, আলমশ্রী গ্রামের আবুল মিয়া, কদমশ্রী গ্রামের রফিকুল ইসলাম ও প্রণয় সরকার। হত্যা মামলাটি বিচারাধীন অবস্থায় আছে। আসামিরা জামিনে আছেন।
শম্ভু বিশ্বাসের ভাই কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘আসামিদের স্বজনদের ভয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে চলে যায় শম্ভু। ১৭ সেপ্টেম্বর রোববার রানার হত্যা মামলার শুনানির জন্য নেত্রকোনা আদালতে আসে সে। পরে নিজ বাড়ি ফেরার পথে নেত্রকোনার মদন বাসস্ট্যান্ডে কদমশ্রী গ্রামের বাবুলসহ কয়েকজন শম্ভুর পথ রোধ করে। এ সময় তাকে হত্যা মামলা তুলে নিতে চাপ দেয় তারা। নয়তো তাকেও হত্যা করা হবে বলে হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরপাড়ে শম্ভুর গলায় রশি প্যাঁচানো লাশ পাওয়া যায়।’
কৃষ্ণ বিশ্বাস আরও বলেন, ‘আমাদের ধারণা, যারা হুমকি দিয়েছিল, তারাই আমার ভাই শম্ভুকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
ঘটনার পর থেকে কদমশ্রী গ্রামের বাবুল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাবুলের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, ‘খবর পেয়ে পদমশ্রী গ্রাম থেকে শম্ভু বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় রশি প্যাঁচানো। কিন্তু উদ্ধার করা হয়েছে পুকুরের পাড় থেকে। মরদেহটি মাটিতে নামিয়েছে—এমন কোনো ব্যক্তিকেও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শম্ভু বিশ্বাস একটি হত্যা মামলার বাদী ছিলেন।’
তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে