‘আমার ভাইটারে কেউ আইনা দেও তোমরা। আমগর বংশে বাতি জ্বালানোরও যে কেউ থাকল না। আমার ভাইয়ের সন্তান দুইটা বাঁইচা থাকলেও নিজেরে সান্ত্বনা দিতে পারতাম। এখন কেডা আমগর খোঁজখবর নিব। কেডা আমার বুড়া বাবা-মাটারে দেইখা রাখব।’
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শেরপুর সদরের মো. মোতালেব হোসেনের (৩৮) বড় বোন লাভলী বেগম (৪৫) এভাবেই আহাজারি করছিলেন। দুর্ঘটনায় মোতালেব, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে প্রাণ হারিয়েছেন। একই পরিবারের চারজনের মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা।
গতকাল বুধবার রাতে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় তাঁদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তাতে নিহত আটজনের মধ্যে চারজনই শেরপুর সদরের। তাঁরা হলেন সেনাবাহিনীর বেসামরিক চতুর্থ শ্রেণির কর্মচারী সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ রঘুনাথপুর গ্রামের নাজির উদ্দিনের ছেলে মো. মোতালেব হোসেন, তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (৪)।
পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন সেনাবাহিনীতে চাকরির সুবাদে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। দুই দিন আগে মোতালেব ও পিরোজপুরের বাসিন্দা তাঁর বন্ধু শাওন স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারটি খালে পড়ে গেলে গাড়িতে থাকা আটজনই পানিতে ডুবে মারা যান। শাওন নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
এদিকে ওই খবর মোতালেবের শেরপুরের গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বসে আহাজারি করছেন মোতালেবের বৃদ্ধ বাবা-মা ও একমাত্র বোন। নিহতদের লাশ আনতে অ্যাম্বুলেন্সে স্বজনেরা আজ ভোরে পিরোজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। কাল শুক্রবার ভোরে গ্রামের বাড়িতে লাশ পৌঁছাতে পারে।
স্থানীয়রা জানায়, হতদরিদ্র নাজির উদ্দিন (৮০) ও ময়না বেগমের (৬৫) দুই ছেলেমেয়ের মধ্যে মোতালেব ছোট। আগে আউটসোর্সিংয়ের ভিত্তিতে সেনাবাহিনীতে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। বছর তিনেক আগে চাকরি সরকারি হয়। সামান্য বসতভিটা ছাড়া তাঁদের আর কোনো সহায়-সম্পত্তি নেই। মোতালেব সংসারের খরচ চালাতেন। স্ত্রী-সন্তানসহ তাঁর মৃত্যু হওয়ায় এখন পরিবারের খরচ চালানোই দায় হয়ে যাবে পরিবারটির। এখন মোতালেবের বৃদ্ধ মা–বাবাকে কে দেখবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘মোতালেব ভাই খুবই নম্র–ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তিনিই পুরো সংসারটা চালাতেন। এখন পরিবারটি অসহায় হয়ে গেল।’
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ইন্তাজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না। মোতালেবের অনুপস্থিতিতে তাঁর বৃদ্ধ বাবা-মা কীভাবে চলবেন—সেটাই চিন্তার বিষয়। আমি শেরপুরের সন্তান সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ-জামানের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই পরিবারের জন্য তিনি কিছু করেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে