
শুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে বগুড়ার অধিকাংশ নদী। এ সময় নদীর বুকজুড়ে চাষ করা হয় বিভিন্ন ফসল। গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে যমুনাও। এর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। সেখানেও চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বগুড়ার নদী ও খালগুলোতে পানি ধরে রাখতে খননকাজ শুরু করা হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, ৫০০ বছর আগে জেলায় নদী ছিল ১০০টি। বর্তমানে ২৩টি নদী বলা হলেও বাস্তবে আছে ১৮টি।
পাউবো বলছে, ৫০ বছর আগে যমুনা নদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হলেও গতিপথ পরিবর্তনের কারণে নদীটি এখন সারিয়াকান্দি উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর গতিপথ পরিবর্তনের কারণে ১৯৭৭ সাল থেকে নদী শাসন কাজ শুরু করা হলেও তা কোনো কাজে আসেনি। তবে সারিয়াকান্দি উপজেলা সদরকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে ২০০০ সালে নির্মাণ করা হয়েছে গ্রোয়েন বাঁধ। যমুনা নদীতেও বর্তমানে পর্যাপ্ত পানি নেই। বগুড়ার আরেকটি খরস্রোতা নদী বাঙালি। এতে দেশি প্রজাতির মাছ ধরে একসময় জীবিকা নির্বাহ করত অসংখ্য মানুষ। কিন্তু এখন সেই নদীতে পানি না থাকায় চাষ করা হয় ভুট্টাসহ বিভিন্ন ফসল। বর্ষাকালে নদীতে পানিপ্রবাহ থাকলেও আগের মতো মাছ থাকে না।
সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘৪০ বছর আগে বাঙালি নদীপারের মানুষকে মাছ কিনে খেতে হয়নি।’
বগুড়ার আরেকটি নদী করতোয়া। খরস্রোতা করতোয়া নদী এখন মরা খাল। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া দখল-দূষণের কবলে পরে সৌন্দর্য হারাচ্ছে। তবে সম্প্রতি পাউবো করতোয়া নদীর ১৭ কিলোমিটার অংশ খননকাজ শুরু করেছে। এ ছাড়া নদীর শহর অংশ সৌন্দর্য ধরে রাখতে নদীর দুই পাড়ে দৃষ্টিনন্দন বাঁধ নির্মাণকাজ শুরু করেছে পাউবো। কিন্তু নদীর উজানের দিকে ভরাট হয়ে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে এর বুকে ধান চাষ করছেন স্থানীয়রা।
পাউবো জানায়, বগুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো হচ্ছে যমুনা, বাঙালী, করতোয়া, নাগর, ইছামতী, গাংনাই, ভদ্রাবতী, সুখদহ, ডাকুরিয়া, মহিষাবান, মানাস, গজারিয়া, ইরামতী, চন্দ্রাবতী, বানিয়াজান, গাংনাই, বেলাই, হলহলিয়া ভোলকা। এ ছাড়া বেহুলার খাড়ি এবং নিরঞ্জন নামের দুটি নদী কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর কোনো চিহ্ন নেই। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে মানাস, চন্দ্রবতী, ইরামতীসহ কয়েকটি নদী।
পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়ার নদীগুলো পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হচ্ছে। প্রতিবছরই নদীর খননকাজ চলে। এ বছর করতোয়া ও বাঙালি নদীর খননকাজ চলছে।’
নদী গবেষক ও বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন বলেন, ‘এই অঞ্চলের অধিকাংশ বড় নদীর উৎপত্তি ভারত থেকে। ভারত বাংলাদেশের উজানে থাকায় তারা বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এ কারণে দিনে দিনে নদীগুলোতে পানিপ্রবাহ বন্ধ হয়ে মরা খালে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখা যায় ৫০০ বছর আগে এই অঞ্চলে ১০০টির বেশি নদী ছিল। ১০০ বছর আগেও ৩০টি নদীর অস্তিত্ব দেখা যায়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে