
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেকশন কর্মকর্তাকে ‘স্যার’ না বলায় এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন ওই ছাত্রীর বিভাগের সহপাঠীরা। সেই সঙ্গে ঘটনার বিচার চেয়ে একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেন তাঁরা।
এর আগে গত সোমবার ভুক্তভোগী তাঁর রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় গেলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের প্রধান ড. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগপত্র পেয়েছি। মাননীয় উপাচার্য ম্যামের উপস্থিতিতে আগামী শনিবার (৯ ডিসেম্বর) সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, তাঁর একাডেমিক রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন করার জন্য রেজিস্ট্রার অফিসে যান তিনি। সেখানে সেকশন অফিসার শেখ মাহমুদ কাননকে ভাই বলে সম্বোধন করায় তিনি ক্ষুব্ধ হন। এ সময় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ভাই বলতে বলেন। শিক্ষকদের ভাই বলতে রাজি না হলে বিতর্কের একপর্যায়ে তাঁকে ‘স্যার’ বলতে বাধ্য করেন সেকশন অফিসার মাহমুদ কানন। এতে তিনি ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ‘৪ ডিসেম্বর আমাদের বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় গেলে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন তাকে হেনস্তা করেন এবং স্যার বলতে বাধ্য করেন। সেই সঙ্গে তিনি বলেন, তাঁকে স্যার না বললে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও স্যার বলা যাবে না। ওই শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’
তবে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সেকশন অফিসার শেখ মাহমুদ কানন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টা একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। আমার ১২ বছরের কর্মজীবনে এমন পরিস্থিতি হয়নি। কারও সঙ্গেই আমি কখনো খারাপ ব্যবহার করিনি, করবও না। বিষয়টা আমি একভাবে বলেছি, উনি হয়তো বুঝেছেন অন্যভাবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে