রাজশাহীর ঐতিহ্য

ছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
দোকানের নাম নেই বলে এই জিলাপি পরিচিত ‘বাটার মোড়ের জিলাপি’ নামে। এই জিলাপি শুধু খাবারই নয়, এটি এখন রাজশাহীর একটি ঐতিহ্যের নাম। বাটার মোড়ের জিলাপি যেন একটি সুস্বাদু ইতিহাস। ৬৫ বছর ধরে এই জিলাপি ছাড়া যেন ইফতার পূর্ণ হয় না রাজশাহীর বাসিন্দাদের অনেকেরই। তাই এর খ্যাতি ছড়িয়ে পড়েছে দূরদূরান্তে।
১৯৬০ সালে এই জিলাপির ব্যবসা শুরু করেছিলেন সোয়েব উদ্দিন। তখন থেকে ধীরে ধীরে এটি স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত হয়ে ওঠে। ২০০২ সালে সোয়েব উদ্দিনের মৃত্যুর পর তাঁর চার ছেলে সোহেল, শামীম, নাইট ও নাহিদ বাবার ব্যবসার হাল ধরেন। শুরুর দিকে জিলাপির কারিগর ছিলেন জামিলী সাহা। পরে তাঁর ছেলে কালিপদ সাহা বাবার সঙ্গে যোগ দিয়ে এই ঐতিহ্য ধরে রাখেন। ২০১৭ সালে কালিপদ সাহার মৃত্যুর পর তাঁর দুই শিষ্য সাফাত আলী ও শফিকুল ইসলাম এই বিশেষ জিলাপি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
শুরু থেকে বাটার মোড়ের জিলাপির স্বাদ একই। মচমচে ও রসে ভরা এই জিলাপির বিশেষত্ব হলো, এটি সম্পূর্ণ কেমিক্যাল ও কৃত্রিম রংমুক্ত। এর উপাদানের মধ্যে রয়েছে আটা, ময়দা ও মাষকলাই ডালের সংমিশ্রণ; যা ৬ থেকে ৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে জিলাপি বানানো হয়।
গতকাল শুক্রবার দুপুরে জিলাপি কিনতে এসেছিলেন নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘এই জিলাপির স্বাদই আলাদা। বছরের পর বছর স্বাদ একই রকম। তাই এটি আমাদের ইফতারিতে থাকে। এই জিলাপি ছাড়া ইফতার পরিপূর্ণ হয় না।’
জিলাপির কারিগর সাফাত আলী বলেন, এই জিলাপি শুধু একটি ব্যবসা নয়। এটি একটি ঐতিহ্য, যা সোয়েব উদ্দিনের পরিবারের সদস্যরা ধরে রেখেছেন। তাঁরা একইভাবে ধরে রেখেছেন এর স্বাদও। তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, এই বিশেষ স্বাদকে একই রকম রাখা।
দোকানের মালিকদের একজন মো. শামীম বলেন, ‘প্রতিবছর রমজানে জিলাপির কদর বেড়ে যায়। সাধারণত দিনে ৯০ থেকে ১০০ কেজি জিলাপি বিক্রি হয়। তবে পবিত্র রমজানে তা ২০০ কেজি ছাড়িয়ে যায়।’
শামীম জানান, তাঁরা দাম বাড়াতে চান না। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রতি কেজি জিলাপি ২২০ টাকায় বিক্রি করছেন, যা আগের বছরের চেয়ে ২০ টাকা বেশি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে