বাড়ির সামনে সারি করে রাখা চারটি লাশ। গ্রামের মানুষের স্রোত বাড়িটির দিকে। গ্রামের মানুষগুলো হেঁটে ছুটছেন সেদিকে। রিকশা–ভ্যানে আসছেন আত্মীয়–স্বজন আর আশপাশের গ্রামের মানুষ। শোকে স্তব্ধ প্রতিবেশীরা কেউ কথা বলছেন না। বাড়ির ভেতর থেকে আসছে আত্মীয়–স্বজনদের বুকফাটা আর্তনাদ। সেই আর্তনাদে চোখের পানি ফেলছেন গ্রামের মানুষেরাও।
সিরাজগঞ্জে ট্রাক–মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের নিহত চারজনের বাড়ি গিয়ে আজ সোমবার দুপুরে এমন দৃশ্য দেখা গেছে। তাঁদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চারজন নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালক।
নিহতরা হলেন—জসিম উদ্দিন প্রামাণিক (৬৪), তাঁর স্ত্রী নার্গিস খাতুন ময়না (৪১) এবং দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল হোসেন (৩২)। দুর্ঘটনায় গুরুতর আহত মাইক্রোবাসের চালক আশিক হোসেনকে (২৮) সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ দুপুরে নিহত চারজনের মরদেহ বাগমারার গ্রামের বাড়িতে আনা হয়।
এর আগেই চারটি খাটিয়া এনে রাখা হয় বাড়িতে। মরদেহ এনে বাড়ির সামনে রাখা হয়। এ সময় নরসিংহপুরসহ আশপাশের শত শত মানুষ ভিড় জমান। বিকেলে জানাজাসহ গ্রামের কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। চারজনের কবর হয় পাশাপাশি। একই পরিবারের চারজনের এমন মৃত্যুতে নরসিংহপুর গ্রামের মানুষ শোকস্তব্ধ।
দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, জসিম উদ্দিন প্যারালাইজড ছিলেন। ঢাকায় চিকিৎসা চলছিল। ফলোআপের জন্য গত শনিবার মাইক্রোবাস ভাড়া করে জসিমকে ঢাকায় নেওয়া হয়। সঙ্গে যান দুই ছেলে এবং জসিমের দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন ময়না। চিকিৎসা শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। পরিবারের সবাইকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন জামাল ও কামালের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, জসিম পেশায় কৃষক। বড় ছেলে জামালও কৃষিকাজ করতেন। আর চাকরি করতেন ছোট ছেলে কামাল। বিয়ের পর জামাল ও কামাল পাশেই আলাদা বাড়ি করেন। এখন শুধু জামালের তিন মেয়ে ও স্ত্রী এবং কামালের এক মেয়ে ও স্ত্রী থাকলেন। পরিবারটিতে আর কোনো পুরুষ নেই। জসিমের বাড়িতেও থাকার কেউ নেই। প্রথম স্ত্রীর মৃত্যুর পর নার্গিস খাতুন ময়নাকে বিয়ে করেছিলেন জসিম উদ্দিন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, রাত ৩টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসটি রাজশাহী যাচ্ছিল। হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধারের পর থানায় নেওয়া হয়। পরে খবর দেওয়া হলে স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে যান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে