
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো. কাওসার আলী, মো. মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মো. মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন ও আব্দুল আওয়াল।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তাঁর ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা লাঠি-সোঁটা, দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলামের বাড়িতে এসে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফূল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় আসামিরা বাড়ি-ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।
হতাহতের ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলা চলাকালে ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৯ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে