নওগাঁর মান্দা উপজেলায় টিসিবির পণ্য নিতে গিয়ে ইউপি সদস্যের মারধরে শিকার হয়ে তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়ানোর জন্য সাইড দিতে বলায় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম তাদের মারধর করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুরুল ইসলাম ভালাইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি ইউনিয়নের তুড়ুকগ্রাম গ্রামের আছির উদ্দিন মণ্ডলের ছেলে।
মারধরে আহতেরা হলেন—এনামুল হক (৪৫), সাখাওয়াত হোসেন (৩০) ও জবেদা বিবি (৫০)। তারা সবাই ভালাইন ইউনিয়নের বৈলশিং দীঘিপাড়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে এনামুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি সদস্যের এ কর্মকাণ্ডে উপস্থিত লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি সটকে পড়েন তিনি।
ভুক্তভোগী এনামুল হক বলেন, ‘টিসিবির পণ্য নিতে শুক্রবার সকাল ৯টার দিকে ভালাইন ইউনিয়ন পরিষদে যাই। লাইনে দাঁড়ানোর জন্য ইউপি সদস্য নুরুল ইসলামকে সাইড দিতে বলায় তিনি চরম ক্ষিপ্ত হন। এ অভিযোগে আমার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। পরে পরিষদের একটি ঘরে আটকে রেখে দ্বিতীয় দফার মারধর করেন।’
মারধরের শিকার সাখাওয়াত হোসেন বলেন, ‘চাচাকে (এনামুল হক) মারধরের হাত থেকে বাঁচাতে এগিয়ে গেলে নুরুল ইসলাম মেম্বার আমাকেও মারধর করেন। একইভাবে জবেদা বিবি নামে এক নারীকেও মারধর করা হয়েছে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার বিষয়ে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি পরিষদে উপস্থিত ছিলাম না। পরে পরিষদে এসে ঘটনায় বিষয়ে জেনেছি। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগীদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে