
রাজশাহীতে আবাসিক হোটেলে গিয়ে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে লুটপাট করার অভিযোগ অস্বীকার করেছেন নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা ফামিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হোটেল গ্র্যান্ড নামের ওই আবাসিক হোটেলের রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁচ-ছয়জন তরুণ আবাসিক হোটেলটিতে গিয়ে চাঁদা দাবি করেন। তা না পেয়ে হোটেলের চার কর্মীকে দোতলার রেস্তোরাঁয় আটকে রেখে নিচতলায় লুটপাট চালানো হয়। ইন্টারনেট ও সিসি ক্যামেরার কেব্ল ছিঁড়ে ফেলে এ ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় মামলা না করলেও হোটেল কর্তৃপক্ষ দাবি করে, চাঁদা না পেয়ে ডাকাতি করা হয়েছে। যদিও হোটেলে নগদ অর্থ ছিল না। দুজন ছাত্রদল নেতার নেতৃত্বে ঘটনা ঘটে বলেও দাবি করে হোটেল কর্তৃপক্ষ। নগরের গণকপাড়ায় অবস্থিত এই হোটেলটির মালিক আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন। তাঁর ভাতিজা এখন হোটেলটি দেখাশোনা করেন।
সংবাদ সম্মেলনে মর্তুজা ফামিন বলেন, ‘ওই চাঁদাবাজি বা ডাকাতি বা হয়রানির কথিত ঘটনার সঙ্গে আমরা ছাত্রদল নেতৃবৃন্দ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত নই। এ ঘটনায় ছাত্রদলের নাম জড়ানো অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত।’
ঘটনার সময় তাঁরা অন্য কাজে ব্যস্ত ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার সময় যদি আমাদের উপস্থিতি প্রমাণিত হয়, তাহলে আজীবন রাজনীতি থেকে বিরত থাকব। আমরা এমন অপপ্রচার ও মিথ্যা তথ্যসংবলিত সংবাদ প্রচার ও প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের শাস্তি দাবি করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি আমার। সত্যিকার অর্থে এমন ঘটনা ঘটে থাকলে এবং এমন অপরাধে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী গুটি কয়েক সাধারণ মানুষ কখনোই ক্ষমতার দাম্ভিকতা বা সুযোগের বা সুসময়ের অপব্যবহার করে কোনো ধরনের অপকর্ম সমর্থন করি না। সময়ের পালাবদলে আমরা দাম্ভিকতার মোহে পতিত জুলুমবাজ মাফিয়া গোষ্ঠীর মতো একই আচরণ করার শিক্ষা অর্জন করিনি।’
সংবাদ সম্মেলনে আরও কয়েকজন ছাত্রদল নেতা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে