
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. এস এম আব্দুল আওয়াল বলেছেন, ‘গত সরকারের আমলে যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলেও শিক্ষার মান রক্ষা করা হয়নি। মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে সামগ্রিক শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে। একটি প্রজন্ম পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
আজ শুক্রবার নিজ কার্যালয়ে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখানে যোগদানের পর নানা অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা দেখেছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দলীয়করণ করা হয়েছে। শিক্ষক না থাকলেও ইচ্ছামতো বিভাগ খোলা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে নিয়মকানুন মানা হয়নি। শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য কোনো আচরণবিধি তৈরি করা হয়নি। বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করত একটি অসাধু চক্র। শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে। এখানে গত ১৬ বছরেও কোনো সিস্টেম গড়ে ওঠেনি।’
বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে আনার জন্য এবং একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক আব্দুল আওয়াল। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী রিসার্চ সেল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গ্রন্থাগার-মেডিকেল সুবিধা, খেলাধুলার পরিবেশ, আবাসিক হলের সুযোগ-সুবিধা এবং এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান তথা শিক্ষার পরিবেশ উন্নয়নে সার্বক্ষণিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আধুনিক যুগোপযোগী বিভাগ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে।
উপাচার্য বলেন, ‘যেসব বিভাগের অ্যাক্রেডিটেশন নেই, সেসব বিভাগের অ্যাক্রেডিটেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ একাডেমিক স্কলারশিপ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে মুক্তমনে চলাফেরা, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারে, তার ব্যবস্থা করাসহ বিভিন্ন ক্লাব গড়ে তোলার কাজ চলছে। আমরা এমন পদ্ধতি গড়ে তুলতে চাই, যাতে একদিন বিশ্ববিদ্যালয়টি পাবনাবাসীর গর্ব হয়ে ওঠে।’
অধ্যাপক আব্দুল আওয়াল জানান, বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। পাবনার ঐতিহ্য কৃষি, পশুপালন—এগুলো নিয়ে গবেষণা করা হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে একটি সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, রেজিস্ট্রার বিজন কুমার প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে