
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন মোজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি। তাঁর দাবি—স্ত্রীর নামে টিসিবির কার্ডের পণ্য নিতে গিয়ে ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এই হামলার শিকার হন তিনি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হলেন ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
ভুক্তভোগী মোজাহিদের অভিযোগ—চেয়ারম্যান মোসাব্বির হোসেন হঠাৎ তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালান। এ সময় চেয়ারম্যান তাঁকে কিল-ঘুষ মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনার প্রতিকার চেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান মোসাব্বির হোসেন ইউনিয়ন পরিষদ থেকে বেশ কিছু লোকজনকে বের করে দিচ্ছেন। সেই সঙ্গে মোজাহিদকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোজাহিদ আজকের পত্রিকাকে জানান, গতকাল সকাল থেকেই রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ডের পণ্য দেওয়া হচ্ছিল। কিন্তু বেলা ৩টার দিকে শেষ ৫০-৫৫ জন কার্ডধারীকে পণ্য দিতে সময়ক্ষেপণ করেন টিসিবির সংশ্লিষ্ট ডিলার। পরে চেয়ারম্যান মোসাব্বির হোসেন ও সংশ্লিষ্ট ডিলারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা করেও বিকেল ৫টা পর্যন্ত পণ্য পাওয়া যায়নি। এ নিয়ে উপস্থিত কার্ডধারীদের মাঝে হইচই শুরু হয়। এতেই চেয়ারম্যান মোসাব্বির ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মোসাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল ৪টা পর্যন্ত উপজেলায় ছিলাম। উপজেলা থেকে বাড়িতে এসে পরনের কাপড় খুলতেই এক মেম্বার আমাকে মোবাইল ফোনে জানায় মোজাহিদ নামে এক ব্যক্তি টিসিবির পণ্য নিতে ঝামেলা করছে। টিসিবির পণ্য দেওয়ার নির্ধারিত সময় ৪টা পর্যন্ত থাকলেও তিনি সাড়ে ৪টার দিকে পরিষদে আসেন।’
তিনি আরও বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে গিয়ে ঝামেলা এড়াতে মোজাহিদের কাছে টিসিবির কার্ডে সই নিয়ে পণ্য দেওয়ার জন্য ডিলারের লোকজনকে বলি। তখন মোজাহিদের কাছে কার্ড চাইলে, তিনি কার্ড ছাড়াই তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজনসহ ২০ জনের পণ্য দাবি করে। একপর্যায়ে পরিষদের লোকজনসহ ডিলারের লোকজনের ওপর হামলা করার জন্য তেড়ে যান তাঁরা।’
চেয়ারম্যান মোসাব্বির বলেন, ‘পরে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোজাহিদসহ লোকজনকে পরিষদ থেকে দিয়ে বের করে দিই। এ সময় তার সাঙ্গপাঙ্গরা সেটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়।’
ওই সময় মোজাহিদকে পরিষদ থেকে বের করে না করে দিলে ডিলারের পণ্যসহ টাকাপয়সা ছিনতাই হওয়ার আশঙ্কা ছিল বলে দাবি করেন চেয়ারম্যান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে