
ঠাকুরগাঁওয়ে সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা ৬৯ বস্তা চাল ও একটি মাহেন্দ্র গাড়ি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এ ঘটনায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মাহেন্দ্র গাড়িতে করে সরকারি চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে এলাকাবাসী ওই চালসহ আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আরও চারজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন কামাল হক, সুলতান, নুর আমিন ও ডিলার ওয়াদুদ। তাঁরাও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। নাজমুল ইসলাম নামের এক দিনমজুর বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের জন্য সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি। অথচ তারা এই চাল বিক্রি করে দিচ্ছে।’ হরচন্দ্র বর্মণ নামের আরেকজন বলেন, ‘প্রতিদিন চাল নিতে গেলে ডিলার বলেন চাল নেই। আজ দেখলাম চাল বের হচ্ছে।’
স্থানীয় বিএনপি নেতা ইমাম আলী বলেন, ‘ওরা দলের কলঙ্ক, ওরা চোর। ওদের কারণে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ জানান, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক আমিনুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধীনে। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে