ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার এক উপপরিদর্শকসহ (এসআই) ছয় পুলিশ সদস্যকে হঠাৎ করে একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার পর বিষয় নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
এলাকায় গুঞ্জন চলছে, উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচঁল এলাকায় ছয় জুয়াড়িকে আটকের পর ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া’র কারণেই হয়তো তাদের প্রত্যাহার করে নেওয়া হলো। তবে থানায় মেয়াদ পেরিয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী তাদের প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর সঙ্গে কোনো অভিযোগের সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন– উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম চন্দ্র রায়, আনিছুর রহমান মোল্লা, সাদেকুল ইসলাম, জাকির হোসেন ও ডিএসবি রেন্টু আলম।
এলাকাবাসীরা বলছেন, গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের উপপরিদর্শক (এসআই) এরশাদসহ ছয় পুলিশ সদস্য উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকায় অভিযানে যায়। সেখানে মানিক নামে এক ব্যক্তির বাড়িতে লেহেম্বা ইউনিয়ন পরিষদের এক সদস্য শাহাজাহন আলীসহ মোট ছয়জন জুয়ার আসর বসান।
খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে জুয়াড়িদের শরীর তল্লাশি করেন। এসময় ইউপি সদস্য শাহাজাহান বাদে অপর পাঁচজনের হাতে হাতকড়া লাগানো হয়। পরে দেন দরবার করে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে ছাড়া পান।
এবিষয়ে ইউপি সদস্য শাহাজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বিষয়টি এড়িয়ে যান। তবে পরে আজকের পত্রিকাকে তিনি বলেন, জুয়া খেলায় তিনি ছিলেন না। তবে এমন ঘটনার খবর তিনি শুনেছেন।
পরে কোচল এলাকার স্থানীয়দের সহায়তায় ওই জুয়ার আসরে থাকা দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এ প্রতিবেদক। তাদের মধ্যে একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, পুলিশ দেখার সঙ্গে সঙ্গেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামকে তিনি ফোন দেন। ইউপি চেয়ারম্যান ঘটনা শুনে পুলিশের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। কিন্তু পুলিশ কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
অপরজন বলেন, পুলিশ ঘরে ঢুকেই তাদের গালমন্দসহ চড়–থাপ্পড় ও লাথি মারেন। পরে সবাইকে তল্লাশি করেন। তাতে ইউপি সদস্য শাহাজাহানের কাছে ১ হাজার ৬০০ টাকা। আরেকজন ধান ব্যবসায়ীর কাছে ৫১ হাজার টাকা অন্য দুজনের কাছে ২৩ হাজার টাকাসহ মোট ৬ জনের কাছে প্রায় এক লাখ টাকা পান। টাকাগুলো তারা নিয়ে নেন। ইউপি সদস্য শাহাজাহান ছাড়া বাদে সবাইর হাতে হ্যান্ডকাফ লাগান। পরে দেন–দরবার করে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তারা পুলিশের কাছ থেকে ঘটনাস্থলেই ছাড়া পান।
ওই ব্যক্তি আরও বলেন, তাদের হাতের হ্যান্ডকাফ খুলে পাঁচজনের কাছ থেকে ভিডিওসহ বক্তব্য নেওয়া হয়। সেখানে তাদের কাছে কোনো টাকা–পয়সা নেওয়া হয়নি মর্মে স্বীকারোক্তি আদায় করা হয়।
লেহেম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি একজন তাকে জানিয়েছিল। তিনি মোবাইলে কথা বলতে চাইলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে চাননি। তবে তিনি শুনেছেন টাকার বিনিময়ে ওই জুয়াড়িদের ছেড়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে আজ (বৃহস্পতিবার) প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই) এরশাদ আলীর মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, ‘এগুলো আর কি বলব, মানুষের উপকার করলে এই হয়।’
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, টাকার বিনিময়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়া হয়েছে-এমন কোনো অভিযোগ তিনি জানেন না। প্রতিবেদকের কাছেই প্রথম শুনলেন। ঘটনার সত্যতা তদন্ত করে দেখবেন তিনি।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ছয়জনকে ক্লোজ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করা হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে