
রংপুরের কাউনিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে চার বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার পর আজ শুক্রবার তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে দুপুরে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের নুরুল ইসলাম (৪৫), তাঁর ছেলে মামুন মিয়া (১৯) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মোসন মিয়া (৫৬)।
জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোস্তফা কামাল জানান, গত ১৭ জানুয়ারি উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের দেলওয়ার মিয়ার মেয়ে দোলামণি (৪) বাড়ির বাইরে খেলার একপর্যায়ে নিখোঁজ হয়। এরপর ওই দিন কাউনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার ৪০ দিন পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান পাননি স্বজনেরা।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে স্বজনেরা নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে কাউনিয়া-পীরগাছা সেনাক্যাম্পে আবেদন করেন। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনীর সদস্যরা ধর্মেশ্বর গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও তাঁর ছেলে মামুন মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ধর্মেশ্বর গ্রামে আফজালের বাড়ির পেছনে টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশু দোলামণির গলিত লাশ উদ্ধার করা হয়। এরপর হত্যার সঙ্গে জড়িতদের আটক করে থানা-পুলিশে হস্তান্তর করা হয়।
ওসি মোস্তফা কামাল বলেন, ‘প্রায় এক বছর আগে দেলওয়ারের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের স্ত্রীর কাপড় সেলাইয়ের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এক বছর আগের ঝগড়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গত ১৭ জানুয়ারি দোলামণিকে একা পেয়ে তাঁর বাড়ির ভেতরে নিয়ে শ্বাসরোধে এবং মাটিতে আছাড় মেরে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে বাড়ির পেছনের ঝোপে লুকিয়ে রাখে। এরপর রাতের অন্ধকারে আফজালের বাড়ির পেছনে টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে আসে।
শিশুটির মা রুপা বেগম অভিযোগ করে বলেন, ‘মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করি। কিন্তু থানা-পুলিশ মেয়ের সন্ধান না করে উল্টো আমার চরিত্র নিয়ে তদন্ত করে। পুলিশের ওপর ভরসা না পেয়ে সেনাক্যাম্পে জানানোর পর ৮ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা মেয়ের লাশ উদ্ধার করেন।’
জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘আমরা নিখোঁজ শিশুটির সন্ধানে চেষ্টা করেছি। সন্দেহের তালিকায় নুরুল ইসলামকে থানায় ডেকে এনে জিজ্ঞাসা করা হয়েছিল; কিন্তু সে স্বীকার করেনি। পরে সেনাবাহিনীর কাছে ঠিকই হত্যার কথা স্বীকার করেছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে