‘হামারগুলার মতো গরিব মানুষেরা যাতে রমজান মাসে তেল, চিনি, কালাই, ছোলা কম দামে কিনি খাবার পায় এ জন্য সরকার হামাকগুলাক টিসিবি দেয়। কিসের কি কম দামে কিনি খামো। সেই সকাল ৮টার সময় কাজকাম ছারি আসচুং, রইদোত দারে থাকনুং, এলা বাজে ৫টা, কোনো মাল পানুং না।’
আজ শনিবার সারা দিন লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য না পেয়ে এভাবে আক্ষেপ করে বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আজিবর রহমান। তিনি আরও বলেন, ‘মাল দেওয়ার আগত ডিলারের লোকজন টাকা নিয়া থুয়া দিছে। আর কোনো খবর নাই। দুই টাকা বাঁচপার আসি যদি একটা দিন পরে তাহলে এমার এগুলা মাল নিয়া লাভ কী? বর্তমান যে কামলার দাম দিনটাত কাজ করলে ৫০০ টাকা পানুং হয়। সারা দিন গেল এখন পর্যন্ত মাল মানুং না।’
জানা গেছে, সারা দেশের মতো রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকিমূল্যে ছোলাসহ নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। রোজা উপলক্ষে দেশব্যাপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবে। ৪টি পণ্য ৪৭০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজের মাধ্যমে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
ভোক্তারা সকালে কম দামে পণ্য কিনতে এসে ভোগান্তিতে পড়েন। এ সময় ভোক্তারা অভিযোগ করেন, চিনি ও ছোলায় ১৫০-২০০ গ্রাম ওজন কম দেওয়া হচ্ছে।
কোলকোন্দ ইউনিয়নের চরচিলাখালের শ্রীমতী রেনু বালা বলেন, ‘বাবা মুই সেই সকাল ১০টায় আসচুং, এলা পাঁচটা বাজে এলাং পাং নাই টিসিবির মাল নিবার।’
একই এলাকার আলম মিয়া বলেন, ‘সাত ঘণ্টা হনুং আসবার আরো যে কয় ঘণ্টা লাগবে আল্লাহ জানে। রাইতোত এই চর বাড়ির রাস্তাত ৬-৮ কিলো রাস্তা কেমনে যাইম, টাকা আগোত জমা দিয়া আরো বিপদত পরচুং বাবা।’
শুধু আজিবর, রেনু বালা, আলম মিয়া নন-এ সময় টিসিবির পণ্য কিনতে আসা প্রায় ৫০ জনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে, ডিলারের অব্যবস্থাপনার কারণে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এ বিষয়ে নাফিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাহিদা আক্তার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘লোকজন বেশি হওয়ায় সামাল দেওয়া কঠিন হয়েছে। আমি কারও ওপর পুরোপুরি ছেড়ে দিতে পারছি না। এবার আমার অভিজ্ঞতা হলো পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা হবে না।’ ওজনে কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওজনে মাল কম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার লোকজন ভালো করে মাল ওজন করে তারপর প্যাকেট করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের উপজেলায় এবারে টিসিবির নতুন ডিলার ১৪ জনের মতো বেড়েছে, কীভাবে মালামাল সরবরাহ করতে হবে তাঁদের জানা নেই। তাঁদের অব্যবস্থাপনার কারণেই জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে।’ মাল কম দেওয়ার বিষয় তিনি বলেন, ‘আমাকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা কিছু ভিডিও পাঠিয়েছে। ভিডিওগুলো আমি দেখেছি। কম দেওয়ার বিষয় তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে