
দেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও লুটপাটের শিকার হয়েছে। বিশেষ করে ইসলামি ব্যাংকগুলোর ক্ষেত্রে এই প্রবণতা আরও প্রকট ছিল, যা গ্রাহকদের আস্থার সংকট তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ইসলামি ব্যাংকগুলোর আমানত কমলেও বিনিয়োগ ও রেমিট্যান্স আহরণ বেড়েছে। এক মাসের ব্যবধানে আমানত কমেছে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি। তবে বিনিয়োগ বেড়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি এবং রেমিট্যান্স আহরণ বেড়েছে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর শেষে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিংয়ের (পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক, প্রচলিত ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখা, ইসলামি উইন্ডো) মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৯৩৭ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৪ লাখ ৩৪ হাজার ২৬৭ কোটি টাকা। সে হিসাবে এক মাসে আমানত কমেছে ১ হাজার ৩৩০ কোটি টাকা। এর মধ্যে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত ২ হাজার ৬২১ কোটি টাকা কমেছে। অক্টোবরে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে আমানতের স্থিতি ছিল ৩ লাখ ৮৬ হাজার ৩১৪ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৩ লাখ ৮৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
অক্টোবর শেষে ইসলামি ব্যাংকিংয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ৪৩৮ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৫ লাখ ১৬ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ এক মাসে বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৪৮৭ কোটি টাকা। এর মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর বিনিয়োগ ৬৫৮ কোটি, প্রচলিত ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখাগুলোতে ৪৪৭ কোটি এবং উইন্ডোগুলোতে ৩৮১ কোটি টাকা বেড়েছে।
সরকার পরিবর্তনের পর গত ১৯ আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া শতভাগ মার্জিন ছাড়া নতুন করে এলসি (ঋণপত্র) না খোলারও নির্দেশনা দেওয়া হয়। তবে গত ৫ ডিসেম্বর এলসি খোলার শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। এর ফলে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ বেড়েছে। গত অক্টোবরে ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে আমদানি বিল পরিশোধের পরিমাণ ছিল ১৩ হাজার ৬১২ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় ৭১৪ কোটি টাকা বেশি।
অক্টোবর শেষে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭ হাজার ১৩ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় ৫৩৬ কোটি টাকা বেশি। এতে বোঝা যাচ্ছে, শত সংকট সত্ত্বেও প্রবাসীরা ইসলামি ব্যাংকগুলোর ওপর আস্থা রেখেছেন।
একটি ইসলামি ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘সংকট সত্ত্বেও ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহের চেষ্টা করছে। ইসলামি ব্যাংকগুলোতে একটা প্যানিক তৈরি হয়েছিল। যার কারণে অনেক গ্রাহক একসঙ্গে টাকা তুলতে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তারল্য-সহায়তা সময়মতো পাওয়া গেলে পরিস্থিতি আরও ভালো হতো। আশা করছি খুব শিগগিরই সংকট কেটে যাবে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে, ফলে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে