ভোলার বোরহানউদ্দিনে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে।
আজ সোমবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঘাতক রাহাত হোসেন (৩০) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তাঁর মায়ের নাম নাছিমা বেগম (৫০)। আহত জাহানারা বেগম একই গ্রামের নাজু মৃধার স্ত্রী।
স্থানীয়রা জানান, রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় থাকেন। রাহাত আজ সকালে ঢাকা থেকে বাসায় আসেন। সন্ধ্যায় ইফতারের পর মাকে ঢাকা থেকে নিয়ে আসা ইলিশ ও চিংড়ি মাছ রান্না করতে বলেন। মা বলেন, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবেন না। কিন্তু রাহাত বারবার অনুরোধ করতে থাকেন। এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয় এবং হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে রাহাত দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে লাশের পাশে বসে থাকেন।
তবে ঘটনার বিষয়ে রাহাত হোসেন বলেন, ছোটবেলা থেকে ঢাকায় কাজ করে সংসারের হাল ধরেন তিনি। কিন্তু মা-বাবা জমি বিক্রি করে সেই টাকা মেয়ে শিউলী বেগমকে দেন। তাঁকে ও তাঁর ছোট ভাইকে বঞ্চিত করেন। এ নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। ঢাকায় ব্যবসা করেন। সেখান থেকে আজ বাড়ি ফিরলে মা তাঁকে মানসিক ভারসাম্যহীন রোগী বলে কবিরাজের কাছে নিয়ে যেতে চান। তিনি রাজি হননি। ঢাকা থেকে নিয়ে আসা ইলিশ ও চিংড়ি রান্না করতে বলেন। মা তা না করে বাইরের দুজন লোকের মাধ্যমে তাঁকে জোর করে অটোরিকশায় তুলে কবিরাজের কাছে নিতে চাইলে ক্ষোভে এ ঘটনা ঘটান।
জাহানারা নামে বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন রাহাত। বর্তমানে ওই নারী বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বলেন, মাকে হত্যার ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ রাত ১১টায় ঘটনাস্থল থেকে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে