কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস, ৫০ হাজার পিস ইয়াবা ও কাঠের নৌকাসহ মো. ফারুক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ও হ্নীলা ওয়াব্রাংয়ের নাফ নদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদক ও নৌকার আনুমানিক মূল্য ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মো. ফারুক টেকনাফে উনচিপ্রাং এলাকার নুর আহমেদের ছেলে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পারি উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম দিকে নুরের ঘের এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উনচিপ্রাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বেড়িবাঁধ ও কেওড়া বাগানে গোপনে অবস্থান নেয়। পরে বিজিবির টহলদল ফারুককে কাঠের নৌকায় করে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।
কিছুক্ষণ পরে বিজিবির টহলদল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহলদল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে গ্রেপ্তারকৃত মো. ফারুকের ২০ হাজার টাকা মূল্যের কাঠের নৌকাটি জব্দ করা হয়েছে।
অপরদিকে, ফারুককে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে অপর একটি বিশেষ টহলদল হ্নীলা ওয়াব্রাং এলাকায় গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বেড়িবাঁধের পাশ থেকে আগেই পাচার করে আনা মাদকের আরেকটি চালান মাটির নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ৫ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে