
চট্টগ্রাম কারাগারে পরিচয়। সেখানে পরিকল্পনা করেন জামিনে বেরিয়ে মোটরসাইকেল চুরি করবেন। সেই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
সম্প্রতি নগরের কাজীর দেউড়িতে একটি মার্কেটের পার্কিং থেকে মোটরসাইকেল চুরির সূত্র ধরে শ্রাবণ নামের এক যুবককে শনাক্ত করে পুলিশ। গত বৃহস্পতিবার নগরের মাছুয়াঝর্ণা এলাকা থেকে ওই যুবককে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তারের পাশাপাশি আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রটি নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ার, বহদ্দারহাট, বন্দর ও আনোয়ারা উপজেলা থেকে গত ১০ দিনে এই চারটি মোটরসাইকেল চুরি করে বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবিদ হোসেন শ্রাবণ (২০), আজিজুর রহমান (২৪), মো. রাফি (৩১), আব্দুল্লাহ আল আবেদ ওরফে তুহিন (২৪), শাহাদাত হোসেন ওরফে খোকা (২৪) ও জমির হোসেন (২০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজ শনিবার এ তথ্য জানিয়ে বলেন, আট মাস আগে আজিজ একটি অপহরণ মামলায় জেলহাজতে ছিলেন। সেখানে থাকাকালে আসামি আবিদ হোসেন শ্রাবণের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠে। শ্রাবণ মোটরসাইকেল চুরির চক্রের হোতা ছিলেন। শ্রাবণের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাঁকে জামিনের ব্যবস্থা করিয়ে দেওয়াসহ সব যাবতীয় দায়ভার নিয়েছিল আজিজ। বিনিময়ে শ্রাবণ জামিনে বেরিয়ে যত মোটরসাইকেল চুরি করবে সবগুলো আজিজকে সরবরাহ করবে বলে এমন পরিকল্পনা হয় দুজনের মাঝে।
পরিকল্পনা অনুযায়ী, আজিজ দুই মাস আগে আর শ্রাবণ ১০–১২ দিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়। জামিনের যাবতীয় খরচ বহন করার পাশাপাশি শ্রাবণকে মোটরসাইকেল চুরির জন্য ১০ হাজার টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছিল আজিজ।
এরপর শ্রাবণ কোতোয়ালিসহ আশপাশের এলাকায় ১০–১২ দিনে চারটি মোটরসাইকেল চুরি করে আজিজ ও তাঁর বন্ধু রাফির কাছে হস্তান্তর করে। আজিজ ও রাফি শ্রাবণের কাছ থেকে চোরাই মোটরসাইকেল নেওয়ার পর তুহিনের মারফত রাঙ্গুনিয়া থানা এলাকার খোকা নামে আরেকজনের কাছে পাঠান। খোকা প্রতি বাইকে ১০ হাজার টাকা লাভ ধরে জমিরের কাছে বিক্রি করেন। আর জমির মোটরসাইকেলগুলো বৈধ মোটরসাইকেল বলে স্থানীয়দের কাছে বাজারমূল্যে বিক্রি করেন।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, শ্রাবণের দেওয়া তথ্যে পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে আজিজ ও রাফিকে আটক করে। এরপর রাউজানের নজু মিয়া হাট থেকে তুহিন ও খোকাকে আটকের পর রাঙ্গুনিয়া উপজেলার মুরাদনগর থেকে জমিরকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মুরাদ মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নম্বর মুছে পুরোনো বলে সাধারণ লোকজনের কাছে বিক্রি করেন। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার পর গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে