
সাতক্ষীরার কলারোয়ায় ইসরাইল হোসেন নামের এক কৃষকের এক বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের দাকোপের বিলে এ ঘটনা ঘটে। ইসরাইল হোসেনের বাড়ি ব্রজবাকসা গ্রামে।
এ নিয়ে কৃষক ইসরাইল হোসেন বলেন, ‘গত পরশু থেকে ঝড়-বৃষ্টি। তাই কাটা ধান গতকাল রাত ৮টা পর্যন্ত জমিতে জালি দিয়ে রেখে বাড়িতে যাই। আজ সকালে স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাসিমা খাতুন ফোন করে জানান কে বা কারা আমার ধানে আগুন দিয়েছে। পরে জমিতে গিয়ে দেখি এক বিঘা জমির বিচুলিসহ ধান পুড়ে গেছে। এই ধান থেকেই আমার পরিবারের আগামী এক বছরের খোরাকি আসত। এ ছাড়া এখনো সেচের ২ হাজার ৫০০ টাকা ও সার-কীটনাশকের টাকা বাকি।’
মাঠের গভীর নলকূপের পরিচালক রাজু আহমেদ বলেন, ‘ইসরাইলের এক বিঘা জমিতে প্রায় ১৫ বস্তা ধান হতো, যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। আর গোখাদ্যের জন্য বিচুলির দাম তো আরও বেশি। এক বিঘা জমির সেচে খরচ হয় তিন হাজার টাকা। সার, কীটনাশক ও বীজ মিলিয়ে আরও প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। মজুরি খরচসহ সব মিলিয়ে তাঁর প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
এ নিয়ে ব্রজবাকসা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিমা খাতুন বলেন, ‘ইসরাইল হোসেনের আর্থিক অবস্থাও খারাপ। এই ধান তাঁর পরিবারের আগামী এক বছরের খোরাক ছিল, যা দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তবে এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে। এর পেছনে কে বা কারা রয়েছে, খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত ধানচাষি যেন ক্ষতিপূরণ পান, সে জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে