নেত্রকোনার মোহনগঞ্জে নিজ ঘর থেকে জাহের উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী আর ছেলে মেয়ে মিলে বৃদ্ধ জাহেরকে হত্যা করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কমলপুর গ্রাম থেকে জাহের উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। জাহেরের মাথার কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো মেঝেতে রক্তের দাগ।
প্রতিবেশীরা জানান, জমির বিরোধে চলতি মাসে প্রতিবেশী সনু মিয়া খুন হন। এ ঘটনায় করা মামলায় জাহেরের স্ত্রী, ছেলে–মেয়ে, ছেলের স্ত্রীসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলায় দুই ছেলে সাইকুল ও তরিকুল কারাগারে রয়েছেন। অপর ছেলে শফীকুল ইসলাম জামিনে আছেন।
প্রতিবেশীরা ধারণা করছেন, মামলা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে বৃদ্ধ জাহের উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী ও ছেলে–মেয়েরা। পরিকল্পনা অনুযায়ী ঘরের জিনিসপত্র আগেই সরিয়ে নেন। প্রতিপক্ষের লোকজন আড়াল থেকে পরিকল্পনা শুনে গত বৃহস্পতিবার থানা–পুলিশকে জানায়। আজ ভোরে জাহের উদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়া যায় তাঁর ঘরে। শেষ রাতে হত্যার ঘটনা ঘটলেও পাশের ঘরের লোকজন কিছুই জানেন না। ঘটনার পর সহায়তার জন্য প্রতিবেশীদেরও ডাকা হয়নি। বৃদ্ধ জাহেরকে হাসপাতালেও নেওয়া হয়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তার অসংলগ্ন কথা বলেন। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
প্রতিবেশী সুজন মিয়া অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে জাহের মিয়ার ছেলে-মেয়েরা মিলে কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে। তারা আমাদের ফাঁসাতে পরিকল্পনা করছে শুনতে পাই। বিষয়টি পুলিশকে গত বৃহস্পতিবার জানাই। এদিন ঘরের জিনিসপত্রও সরিয়ে নিয়েছে তারা।’
প্রতিবেশী শাবানা আক্তার ও কাকলি আক্তার বলেন, আজ তারা সবাই বাড়িতে ছিল। অথচ পুলিশকে বলছে, তারা নাকি খবর শুনে সকালে ঢাকা থেকে এসেছে। ঢাকা থেকে ২–৩ ঘণ্টায় তারা এল কীভাবে। ভোরের দিকে কুপিয়েছে বললেও তারা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি প্রতিবেশীদেরও ডাকেনি।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান আজ সন্ধ্যা ৬টার দিকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার জাহেরের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে