
রাজশাহীর দুর্গাপুরের কাঁঠালবাড়িয়া গ্রামের নুরুন্নবী ওরফে আইয়ুব নবী ওরফে নবী হত্যা মামলায় এক নারীসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টায় রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়িয়া গ্রামের মো. দেরাজ মিস্ত্রির স্ত্রী ফুলজান বিবি (৪০) ও একই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৪৫)। এ মামলায় দেরাজ মিস্ত্রি নামে একজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ফুলজান বিবির সঙ্গে মফিজ উদ্দিন এবং নবীর পরকীয়া ছিল। ফুলজান দুজনকে লুকিয়ে দুজনের সঙ্গেই পরকীয়া প্রেম করতেন। একপর্যায়ে মফিজ উদ্দিন বিষয়টি জানতে পেরে ফুলজানকে চাপ দেন। তখন ফুলজান নবীকে হত্যার পরিকল্পনা করেন।
ঘটনার দিন ২০১৩ সালের ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ফুলজান দেখা করার কথা বলে কৌশলে নবীকে তাঁর বাড়ির পেছনে মুরগির খামারে ডাকেন। আর আরেক প্রেমিক মফিজের হাতে তুলে দেন হাঁসুয়া। মফিজ মুরগির খামারে গিয়ে এক কোপে নবীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেন। এরপর মফিজ ও ফুলজান একটি বস্তায় লাশ ভরেন এবং দূরে বিলে ফেলে আসেন। আর মাথাটি আরও এক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে পুঁতে রাখা হয়। পরে মস্তকবিহীন মরদেহ দেখে লোকজন ভাববে ‘গলাকাটা জিন’ নবীর মাথা কেটে নিয়ে গেছে। পরদিন সকালে ফোঁটা ফোঁটা রক্তের দাগ ফুলজানের মুরগির খামার পর্যন্ত দেখা যায়। এ সময় পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে হাসেম আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তার করেন। পরে ফুলজান ও মফিজের দেখানো স্থান থেকে কাটা মাথা উদ্ধার করা হয়। তাঁরা দুজনে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ে তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছেন।
আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন আইনজীবী একরামুল হক-২ ও আবদুল মালেক রানা।
এ ব্যাপারে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। রায়ের পর তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে