
দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে চলমান গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতারা। সেই সঙ্গে তাঁরা এ প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে উপাচার্য বরাবর একটি চিঠিও দিয়েছেন।
আজ রোববার নীল দলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মমিন উদ্দীনের সই করা এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত তিন বছর গুচ্ছপদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এসেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথাসময়ে আসন পূর্ণ করে একাডেমিক সেশন শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষিত মান ক্রমাগত নিম্নগামী বলে শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বমহলে প্রতীয়মান হচ্ছে। উপরন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো অদ্যাবধি নিরসন হয়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিগত বছরের মতো ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষেও ভর্তি প্রক্রিয়া দীর্ঘসূত্রতা হবে বলে প্রতীয়মান হচ্ছে। ফলে জুলাই ২০২৪-এর মধ্যে একাডেমিক সেশন শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। এতে দেশের মেধাবী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারাবে এবং ক্ষতিগ্রস্ত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত শিক্ষা কার্যক্রম। গত ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তে অটল ছিল। যদিও শেষ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ হতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে একক ভর্তি প্রক্রিয়ার শর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় শেষবারের মতো অংশ নিয়েছিল।
‘কিন্তু অতীব দুঃখের সঙ্গে পরিলক্ষিত হচ্ছে যে এ বছর মহামান্য রাষ্ট্রপতির সেই অভিপ্রায় রক্ষিত হয়নি।
‘উল্লেখ্য যে, গত বছরের গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া গুচ্ছের সীমাবদ্ধতা দূর না হওয়ায় একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা “জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল” মনে করি আমাদেরও নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় প্রত্যাবর্তন অতীব জরুরি।’
চিঠিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে একাডেমিক সেশন শুরু করার প্রত্যয়ে সব শিক্ষকের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজস্ব প্রক্রিয়ায় ২০২৩-২৪ সালের ভর্তি পরীক্ষা সম্পন্নের জোর দাবি জানান নীল দলের নেতারা।
এর আগে গত ২০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে ১০ দফা দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। ১০ দফা পূরণ না হলে গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব নয় বলেও জানান তাঁরা।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে