
প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে গত ২০ ডিসেম্বর টালিউডে অভিষেক হলো অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। কিন্তু দেশে শুটিং থাকায় তখন কলকাতায় যাওয়া হয়নি তাঁর। সে জন্য মন খারাপ ছিল। তবে এখন হাসি ফুটেছে তাঁর ঠোঁটে। কারণ, যে নাটকের শুটিংয়ের কারণে যাওয়া হয়নি নিজের অভিনীত সিনেমার প্রচারে, সেই নাটক এখন প্রস্তুত ভালোবাসা দিবসের জন্য।
নাটকের নাম ‘মন-দুয়ারী’। অপূর্ব বলেন, ‘টালিউডে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আর আমি সেই আয়োজনে থাকতে পারছি না, খুব মন খারাপ হয়েছিল তখন। এখন একটু হালকা লাগছে। কারণ, যে নাটকের জন্য এতটা সেক্রিফাইস করেছি, সেই নাটক মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। নির্মাতার প্রতি যে কমিটমেন্ট ছিল সেটা রাখতে পেরেছি এবং ভালো একটা নাটক দর্শকদের উপহার দিতে পারছি, এটাও তো বড় আনন্দের।’
মন-দুয়ারী পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। যৌথভাবে রচনা করেছেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। সৌখিনের সঙ্গে আগেও অনেক কাজ করা হয়েছে অপূর্বর। প্রতিটি কাজই দর্শকপ্রিয় হয়েছে। তাই এবারও নাটকটির জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী দুজনেই।
মন-দুয়ারীতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তবে অপূর্বর সঙ্গে এবারই তাঁর প্রথম অভিনয়। নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার স্বপ্নটা অনেক দিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি এবং নির্মাতা সৌখিন ভাই আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’
পরিচালক জাকারিয়া সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে আসে দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। অপূর্বর সঙ্গে পরিচয় হয় দুষ্টু-মিষ্টি মেয়ে নিহার। ধীরে ধীরে দুজনের মাঝে প্রেম হয়ে যায়। নিহার সান্নিধ্যে একে একে খুলে যায় অপূর্বর মনের বন্ধ দুয়ার। তাই সে মেয়েটির নাম রাখে ‘মন-দুয়ারী’।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এটা বড় আয়োজনের নাটক। দীর্ঘদিন আমরা এই একটি নাটকের শুটিং করেছি ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। চরিত্র ফুটিয়ে তুলতে মাথার চুল কেটে ছোট করাসহ যা যা প্রয়োজন, সবই করেছি। সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও তাই। আর নিহাও দারুণ অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।’
সাধারণত নিজের প্রতিটি নাটকেই নতুন গান উপহার দেন সৌখিন। এই নাটকেও থাকছে নতুন দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাশ।
মন-দুয়ারীর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে