
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের ৮৭ শতাংশই ডেন-২ দ্বারা আক্রান্ত। আর ১৩ শতাংশ শিশুর আক্রান্তের কারণ ডেঙ্গু ভাইরাসের ডেন-৩ ধরন। সাধারণত দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্তদের শরীরে ডেঙ্গুর এই দুই সেরোটাইপ পাওয়া যায়।
এ ছাড়া ৭১ শতাংশ রোগীই বিপজ্জনক পর্যায়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডেঙ্গুতে এবার বেশি মৃত্যুর এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতাল মিলনায়তনে ডেঙ্গু নিয়ে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
‘ডেঙ্গু ভাইরাল ইনফেকশন ইন চিলড্রেন অব এ টারশিয়ারি কেয়ার পেডিয়াট্রিক হসপিটাল ইন বাংলাদেশ: এপিডেমিওলজি অ্যান্ড জিনোমিক অ্যানালাইসিস’ শীর্ষক এ গবেষণার প্রধান গবেষক হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।
গবেষণাধীন নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, ১১৩টি ডেঙ্গু পজিটিভ নমুনায় ৮৭ শতাংশ ডেন-২ এবং ১৩ শতাংশের ডেন-৩ ধরনের উপস্থিতি পাওয়া গেছে। যে শিশুদের ভেতর ৮৭ শতাংশ ডেন-২ ধরনের উপস্থিতি দেখা গেছে, তার জিনগত বৈশিষ্ট্য ২০১৮ সালের ডেন-২-এর জিনগত বৈশিষ্ট্যের কাছাকাছি। যে ১৩ শতাংশের ডেন-৩ ধরনের উপস্থিতি পাওয়া গেছে, তার জিনগত বৈশিষ্ট্য ২০১৭ সালের ডেন-৩-এর জিনগত বৈশিষ্ট্যের কাছাকাছি।
শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রথমবার যারা ডেঙ্গু আক্রান্ত হয়, তাদের খুব বেশি উপসর্গ থাকে না। প্রথমবার সাধারণত ডেন-১ সেরোটাইপে আক্রান্ত হয়। দ্বিতীয়বার যারা আক্রান্ত হয়, তারা অন্য সেরোটাইপে। এ বছর ডেন-২ এবং ডেন-৩ সংক্রমণ বেশি পাওয়া যাচ্ছে। প্রতিবছরই ডেঙ্গুর নতুন সেরোটাইপ আসছে। শিশুদের মধ্যে যাদের অবস্থা খারাপ হচ্ছে, তারাও দ্বিতীয় দফায় আক্রান্ত হয়ে থাকতে পারে। তাই শিশুদের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে।’
ডাক্তার জাহাঙ্গীর বলেন, এ বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৯ জন ভর্তি রোগীর মধ্য থেকে ৭২২টি শিশুকে নিয়ে গবেষণাটি করা হয়। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ নির্ধারণে ও অন্যান্য ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণে ওই ৭২২টি শিশু রোগী থেকে ১০৪টির রক্ত ও ন্যাজোফ্রানজিয়াল সোয়াব সংগ্রহ করা হয়। পরে সেগুলো আইসিডিডিআরবির ল্যাবে পরীক্ষা করা হয়।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ৫ থেকে ১০ বছরের শিশু ছিল ৭০ শতাংশ। এর মধ্যে ১ থেকে ৫ বছরের শিশু রয়েছে ৩৮ শতাংশ, ৫ থেকে ১০ বছর শিশু ৩২ শতাংশ। ১০ বছরের বেশি বয়সী শিশুর সংখ্যা ১৬ শতাংশ। এক বছরের নিচে রয়েছে ১৪ শতাংশ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় আগস্টে। রোগীদের মধ্যে ৬০ শতাংশ ছেলে ও ৪০ শতাংশ মেয়েশিশু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে