
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বড় সুখবর পেতে যাচ্ছেন। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে চিকিৎসকদের জন্য ৩ হাজার ৩০টি সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদ সৃষ্টি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপকের ১৫০টি, সহযোগী অধ্যাপকের ৮৫০ ও সহকারী অধ্যাপকের ২ হাজার ৩০টি পদ থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আগামীকাল রোববার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় ৩ হাজার ৩০টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে। সচিব কমিটিতে পাঠানো স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, পদের অভাবে পদোন্নতির সুযোগ না থাকায় স্বাস্থ্য ক্যাডারে বিপুলসংখ্যক চিকিৎসককে মেডিকেল অফিসারের পদ থেকেই অবসরে যেতে হচ্ছে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের স্থায়ী পদ কম থাকায় মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের চিকিৎসা শিক্ষা এবং সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রসঙ্গত, যথেষ্ট স্থায়ী পদ না থাকায় সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আসছে সরকার।
চিকিৎসা শিক্ষার গুণগত মান বাড়ানো, বিপুলসংখ্যক রোগীর বিশেষায়িত ও ক্লিনিক্যাল সেবা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মক্ষেত্রের হতাশা দূর করে সামাজিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংখ্যাতিরিক্ত পদগুলো সৃষ্টির প্রস্তাব করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এতে স্বাস্থ্য উপদেষ্টার সম্মতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শ্রেণিতে চিকিৎসকদের জন্য ৩৬ হাজার ৯২১টি ক্যাডার পদ রয়েছে। সহকারী অধ্যাপকের পদ রয়েছে ৩ হাজার ৫৯টি। এ ছাড়া সহযোগী অধ্যাপকের ১ হাজার ৯৬০ ও অধ্যাপকের ১ হাজার ৫৯টি পদ রয়েছে। অর্থাৎ বিসিএস পাসের পর চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দিয়ে ৬ হাজার ৭৮ জন কর্মকর্তার মেডিকেল অফিসার থেকে ওপরের ওই ধাপগুলোতে পদোন্নতির সুযোগ রয়েছে। নতুন ৩ হাজার ৩০টি পদ সৃষ্টি হলে ৯ হাজার ১০৮ চিকিৎসকের পদোন্নতির সুযোগ তৈরি হবে।
সূত্র জানায়, চিকিৎসকদের পদোন্নতির জন্য সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম পর্যায়ে এক বছরের জন্য অস্থায়ীভাবে রাজস্ব খাতে ৩ হাজার ৩০টি পদ সৃষ্টির সম্মতি দিয়েছে। এরপর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও শর্তসাপেক্ষে সম্মত হয়েছে এতে। এ বিষয়ে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বেতন গ্রেড ভেটিংও নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতিযোগ্য চিকিৎসকেরা ইতিমধ্যে সংশ্লিষ্ট গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। ফলে নতুন ৩ হাজার ৩০টি পদ সৃষ্টি করে তাঁদের পদোন্নcতি দিলেও সরকারের বাড়তি কোনো খরচ হবে না।
‘মহিলা’ শব্দ বাদ, আসছে ‘নারী’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে ‘নারী’ শব্দ যোগ করতে যাচ্ছে সরকার। নাম পরিবর্তনের এই প্রস্তাবও প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে পাসের জন্য উত্থাপনের কথা রয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়টির নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করার প্রস্তাব করা হয়। এরপর গত বছরের ৭ জুলাই তৎকালীন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভা এবং গত ২৭ অক্টোবর মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে দ্বিতীয় আন্তমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার নাম এবং কর্মকর্তার পদবির ক্ষেত্রে ‘নারী’ দিয়ে ‘মহিলা’ শব্দটি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত হয়।
নারী অধিকার আন্দোলনকর্মীদের অনেকে বলে আসছেন, মহিলা শব্দটি এখন আর সময়োপযোগী নয় এবং জেন্ডার সচেতনতার দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।
১৯৮৯ সালে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে ভাগ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয়—এ দুটি মন্ত্রণালয় গঠন করা হয়। ১৯৯৪ সালে শিশুবিষয়ক কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্থানান্তর করে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির পর এর নামকরণ করা হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
আরও কিছু পদ সৃষ্টির প্রস্তাব
এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাংগঠনিক কাঠামোতে ৩৯টি পদ সৃষ্টি, পরিকল্পনা বিভাগের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৮৩ পদ সৃষ্টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে পররাষ্ট্র ক্যাডারের নবসৃষ্ট ৪৭ পদের বিপরীতে স্বদেশভিত্তিক ৩০টি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি, ৬টি আধুনিক খাদ্য পরীক্ষাগারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২৪ পদ সৃজন, সরকারি হওয়া ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর জন্য ৭৮টি পদ সৃষ্টি ও নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদকে গ্রেড-১-এ উন্নীত করার প্রস্তাব পাসের জন্য প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে উত্থাপনের কথা রয়েছে।
আরও খবর পড়ুন:

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৪ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে