মাঙ্কিপক্স (এমপক্স ) একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস প্রথমে বানরের শরীর থেকে মানুষের দেহে প্রবেশ করেছিল বলে একে এমপক্স বলে। এটি আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোতে এমপক্স শনাক্ত হওয়ার খবর পাওয়ায় এ রোগ নিয়ে আমাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছে, বাংলাদেশেও জারি করা হয়েছে সতর্কতা।
আমাদের দেশে এখন পর্যন্ত এমপক্স শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে যেহেতু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, ফলে রোগটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে একদিকে আমাদের অহেতুক আতঙ্ক কমে যাবে, অন্যদিকে এই সংক্রামক রোগ প্রতিহত করাও সহজ হবে।
কীভাবে ছড়ায় এমপক্স
শারীরিক সংস্পর্শ, চুম্বন ও শারীরিক সম্পর্ক, ফুসকুড়ির রস, হাঁচি, কাশি, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য সামগ্রী এবং আক্রান্ত ব্যক্তির নিশ্বাসের মাধ্যমে এ রোগ ছড়ায়।
সাধারণ উপসর্গ
জ্বর, মাথা, পিঠ ও মাংসপেশিতে ব্যথা, শরীরের বিভিন্ন লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, ব্যথাযুক্ত ফুসকুড়ি ইত্যাদি।
উপসর্গ দেখা দিলে করণীয়
এটি একটি সংক্রামক রোগ এবং আমরা এ রোগের সংক্রমণ রোধ করতে চাই। ফলে এমপক্সের উপসর্গ দেখা দিলে সবার আগে নিজেকে অন্যদের থেকে আলাদা করতে হবে। সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে। যত দিন পর্যন্ত সব ফুসকুড়ি ঝরে না যায় এবং নতুন চামড়া না গজায়, তত দিন পর্যন্ত ঘরে থাকবেন। হাসপাতালে যাওয়ার সময় বা অন্য কোনো ব্যক্তির কাছাকাছি হতে হলে, যতটা সম্ভব ফুসকুড়িগুলো ঢেকে রাখা এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
চিকিৎসা
এমপক্সের চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। অধিকাংশ ক্ষেত্রেই পরিমিত বিশ্রাম, পুষ্টিকর এবং পর্যাপ্ত তরল খাবারে এ রোগ উপশম হতে দেখা যায়। তবে কারও কারও ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে যেমন এ রোগের সংক্রমণের হার বেশি, তেমনি জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও তাদের মধ্যে বেশি থাকে। এ ছাড়া গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, ক্যানসার, কিডনি, এইডস রোগীর মধ্যে জটিলতা সৃষ্টির আশঙ্কা বেশি।
আতঙ্ক ছড়ানো নয়, সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য। এ রোগের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা প্রাদুর্ভাব রয়েছে, এমন দেশ থেকে ফিরে আসার ২১ দিনের মধ্যে জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে আপনার এমপক্স ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকতে পারে। সে ক্ষেত্রে আপনি দ্রুত আইইডিসিআর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগ করুন।
পরামর্শ দিয়েছেন: ডা. শাফেয়ী আলম, মেডিকেল অফিসার, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, গাজীপুর

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে