হাড়ের সমস্যা
প্রশ্ন: আমি দশম শ্রেণির ছাত্র। দীর্ঘদিন ধরে মাথার পেছনের অংশে ও ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছি। মেরুদণ্ডের উপরিভাগেও ব্যথা অনুভূত হয়। অনেক ধরনের চিকিৎসা নেওয়ার পরও এ সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছি না। কী করণীয়?
-সাদ, ঢাকা
উত্তর: অনেকক্ষণ ধরে সামনে ঝুঁকে পড়াশোনা করার জন্য আপনার এই সমস্যা হয়ে থাকতে পারে। এমন সমস্যার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মেরুদণ্ডের কাঠামোতে পরিবর্তন আসে। সে ক্ষেত্রে আপনাকে নিয়মিত ঘাড়ের ব্যায়াম করতে হবে এবং প্রতি ৩০ মিনিট অন্তর ঘাড় মাথার পেছনে ও ডানে-বাঁয়ে ঘোরাতে হবে। এতে আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। না হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার
পুষ্টি
প্রশ্ন: ঠিকমতো খেতে পারি না, রুচি নেই। আর খেলেও সেটা শরীরে লাগে না বলে আমার মনে হয়। দিন দিন রোগা হয়ে যাচ্ছি। এটার জন্য কী সমাধান আছে?
-আকাশ কর্মকার, ঢাকা
উত্তর: প্রথমত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেন রুচি নেই ও সঠিকভাবে খেলেও সেটা কেন শরীরে লাগছে না এটা বোঝার জন্য। এ ধরনের সমস্যা কোনো না কোনো রোগের জন্য হয়ে থাকে। তারপর খেয়াল রাখতে হবে, লাইফস্টাইল ঠিক আছে কি না। পরিপূর্ণ পুষ্টিসমৃদ্ধ খাবার খাচ্ছেন কি না এবং ঘুমের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কি না, এ তথ্যগুলো ঠিকমতো জানা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম খাবার অর্থাৎ শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন এবং মিনারেল পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। মুখে রুচি আনার জন্য বিভিন্ন ধরনের ডিটক্স, ফলের শরবত, সিজনাল ফল খাবারের তালিকায় রাখতে হবে।
-ইতি খন্দকার, পুষ্টিবিদ, লেজার ট্রিট
ত্বকের সমস্যা
প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। আমার মুখমণ্ডলের ত্বকে মেছতার কালো দাগ কোনোভাবেই ভালো হচ্ছে না। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে যে ক্রিমগুলো ব্যবহার করেছি, তা হলো মেলাট্রিন, স্লটক্লিন, ট্রাইমেলা, অ্যাভোকুইন। দুই বছর আগেও আমার মুখে এত মেছতা ছিল না। আমি রোদে তেমন একটা বের হই না। এ অবস্থায় করণীয় কী?
-মো. তৌহিদুল ইসলাম, রাজশাহী
উত্তর: আপনি যে পণ্যগুলো ব্যবহার করেছেন, সেগুলোতে হাইড্রোকুইন আছে। হাইড্রোকুইনযুক্ত যেকোনো মেছতার ক্রিম দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় না। কিছুদিন পরে বিরতি দিতে হয়। এ ক্ষেত্রে আপনি আর্বুটিন লিকোরিশযুক্ত কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এখন মেছতার দাগকে হালকা করার জন্য অনেক ক্রিম পাওয়া যায়, যা ত্বকের খুব একটা ক্ষতি করে না। আপনাকে এসপিএফ ৫০ যুক্ত এবং পিএ++ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনি বলেছেন রোদে বের হন না। রোদে বের না হলেও প্রতিদিনের ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সূর্যের আলো ছাড়াও প্রতিদিন কম্পিউটার বা মোবাইল ফোনের ইনফ্রা রে এবং বাড়িতে ব্যবহৃত হাই এনার্জি ভিজিবল লাইট ত্বকের ক্ষতি করে। এসবের কারণেও মেছতা বাড়তে পারে। আপনি যে ক্রিমগুলো ব্যবহার করেছেন সেগুলো ব্যবহারের পাশাপাশি হয়তো সানস্ক্রিন ব্যবহার করেননি। সে কারণে দাগ আরও গভীরে চলে গেছে। এ ক্ষেত্রে আপনি যে ক্লিনজারটি ব্যবহার করবেন সেটিতে যেন স্কিন গ্লোয়িং ইফেক্ট থাকে।
আপনার ত্বকের ধরন লেখেননি। আপনার ত্বক যদি তৈলাক্ত বা তেলতেলে হয় তাহলে ওয়াটারবেজড ক্লিনজার ব্যবহার করতে হবে। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার এবং সাপ্লিমেন্ট হিসেবে অ্যান্টি-অক্সিডেন্ট খেতে পারেন।
-ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে