
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের নেতৃত্ব দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের নেতৃত্ব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছে।
ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কার্লসন রাশিয়ার প্রচারিত এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘নির্বাচিত নন’ এবং সে কারণে তিনি ‘কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না।’
কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয়, ইউক্রেনে নির্বাচন হবে?’ উত্তরে উইটকফ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন হবে। তারা এতে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন হবে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
কয়েক বছর ধরে ক্রেমলিন ইউক্রেনকে দুর্বল করার কৌশল হিসেবে জেলেনস্কিকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে। ১৮ ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে তাঁর বৈধতা-সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে।
রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন কোনো নির্বাচন আয়োজন করেনি, কারণ সামরিক আইন জারির পর নির্বাচন নিষিদ্ধ। ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন এই সামরিক আইন ঘোষণা করে। দেশটির আইন অনুযায়ী নির্বাচন হতে হলে তা নিরাপদ, অবাধ ও নিরবচ্ছিন্ন হতে হবে—যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব, কারণ রাশিয়া এখনো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
উইটকফ আরও বলেন, তিনি নিশ্চিত যে, রাশিয়া ইউরোপে হামলা চালাবে না। তিনি পুরো মহাদেশজুড়ে রাশিয়ার আগ্রাসন ছড়িয়ে পড়ার আশঙ্কাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইঙ্গিত করে উইটকফ বললেন, ‘তাঁকে বুঝতে হবে যে, সে ক্রমশ পিষ্ট হতে থাকবে। এখন তাঁর জন্য চুক্তি করার সেরা সময়। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে সেরা সম্ভাব্য চুক্তিটি করে দিতে পারেন।’ তিনি জোর দিয়ে বলেন, সংঘাত সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে যেকোনো সাহায্য ‘টেকসই’ হবে না। তিনি বলেন, ‘আমরা চিরকাল টাকা দিয়ে যেতে পারি না।’
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ মাসের শুরুতে জানায়, ট্রাম্পের দলের সদস্যরা জেলেনস্কির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর সঙ্গে যোগাযোগ রাখছেন। দুই রাজনীতিবিদ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছেন, তবে রাশিয়ার সঙ্গে সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের বিরোধিতা করেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে