নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি নিলামে পাখির মাত্র একটি পালক বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ লাখ টাকার বেশি। রেকর্ড গড়া দামে বিক্রি হওয়া ওই পালক নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পালক এত বেশি দামে বিক্রি হবে, তা নিলামের আয়োজকেরাও প্রত্যাশা করেননি। হুইয়া পাখি নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে পবিত্র ছিল। সুদূর অতীতে এই পাখিদের পালক মাওরি সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা তাঁদের মাথায় সাজিয়ে রাখতেন। একসময় এই পালক উপহার হিসেবে মূল্যবান এবং এটির বড় ব্যবসাও ছিল।
মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, হুইয়া পাখিকে সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১০০ বছরের বেশি সময় আগে ১৯০৭ সালে। এরপরের ২০ থেকে ৩০ বছরের মধ্যে কেউ কেউ এই পাখিদর্শনের দাবি করলেও সেগুলো ছিল অসমর্থিত সূত্র।
হুইয়া পাখি ছিল নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড পরিবারের ছোট একটি গানের পাখি; পাশাপাশি লাফানোর ক্ষমতা এবং সুন্দর পালকগুচ্ছের জন্যও পরিচিত ছিল পাখিটি। এর প্রতিটি পালকের চূড়ায় একটি সাদা অংশ থাকায় দারুণ সুবিন্যাস দেখা যেত।
সোমবার বিক্রি হওয়া পালকটি খুব ভালো অবস্থায় ছিল বলে জানিয়েছেন ওয়েবের নিলাম হাউসের ডেকোরেটিভ আর্টসের প্রধান লেয়া মরিস। বিবিসিকে তিনি বলেন, ‘এখনো এটি খুব চকচকে আছে এবং কোনো পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি।’
মরিস জানান, পালকটিকে অক্ষত রাখার জন্য নিলাম কর্তৃপক্ষ এটিকে ইউভি প্রতিরক্ষামূলক কাচ ও আর্কাইভাল কাগজ ব্যবহার করে বানানো একটি ফ্রেমের মধ্যে রেখেছে। এর ফলে এটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় থেকে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাওরি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থার অধীনে পালকটি নিবন্ধিত ছিল। যেসব সংগ্রাহকের এই ব্যবস্থার লাইসেন্স ছিল, কেবল তাঁদেরই এই পালক কেনার অনুমতি ছিল। আরেকটি বিষয় হলো, সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই পালককে কখনোই নিউজিল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
লেয়া মরিস মনে করেন, হুইয়া পাখি নিয়ে নিউজিল্যান্ডের মানুষের উচ্চ আগ্রহ এবং উৎসাহ পালকটিকে বহু মূল্যবান করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘এই পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা নিউজিল্যান্ডের অন্যান্য পাখির দিকে তাকাব এবং বলব, আমরা চাই না এমনটি আর কখনো ঘটুক।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৩ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে