
বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিক ও গুপ্তচরদের আক্রান্ত করা রহস্যময় ‘হাভানা সিনড্রোম’ রোগের পেছনে রুশ সামরিক গোয়েন্দাদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে এক প্রতিবেদনে বলেছে অনুসন্ধানী গ্রুপ ইনসাইডার। তাদের প্রতিবেদনকে আজ সোমবার খারিজ করে দিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
লাটভিয়ার রিগাভিত্তিক রাশিয়াকেন্দ্রিক অনুসন্ধানী মিডিয়া গ্রুপ ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, মার্কিন কর্মকর্তারা যে স্থানে এই রহস্যময় রোগে আক্রান্ত হয়েছিল, সেখানেই মোতায়েন করা হয় ‘২৯১৫৫’ নামে পরিচিত রুশ সামরিক গোয়েন্দা (জিআরইউ) ইউনিটের সদস্যদের।
অনুসন্ধানমূলক অনুষ্ঠান সিক্সটি মিনিটস এবং জার্মানির ডার স্পিগেলের সহযোগিতায় ইনসাইডারের করা বছরব্যাপী তদন্ত শেষে দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, নন-লিথাল অ্যাকুস্টিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকায় ইউনিট ২৯১৫৫-এর ঊর্ধ্বতন সদস্যরা পুরস্কার ও পদোন্নতি পেয়েছেন।
প্রতিবেদনটি সম্পর্কে মতামত জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি মোটেও নতুন কোনো বিষয় নয়। বহু বছর ধরেই তথাকথিত হাভানা সিনড্রোমের বিষয়টি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে এবং প্রথম থেকেই এর সঙ্গে রাশিয়াকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ কোথাও এই ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। সুতরাং, এগুলো গণমাধ্যমের ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়।’
গত বছর প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রথম রোগটি সম্পর্কে আক্রান্ত হন। বিদেশি কোনো প্রতিপক্ষকে এই রোগ ছড়ানোর পেছনে দায়ী করা হয়নি তখন। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—মাইগ্রেন, বমি বমি ভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মাথা ঘোরা।
ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, হাভানা সিনড্রোম উপসর্গের প্রথম ঘটনা ২০১৬ সালের আগে ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে অবস্থানরত একজন মার্কিন কর্মচারীর ওপর সম্ভাব্য হামলা চালান হয়েছিল। তখন কোনো একটি রশ্মির আঘাতে জ্ঞান হারান সেই মার্কিন কর্মচারী।
মার্কিন কংগ্রেস ২০২১ সালে হাভানা আইন পাস করেছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থাগুলোর কোনো কর্মী হাভানা সিনড্রোমে আক্রান্ত হলে সেই কর্মী ও তাঁর পরিবারকে অর্থ প্রদান করা হবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে