
আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’
রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।
কুনির বাবা-মা এবং তাঁর বাগ্দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।
কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে