
ভারতের দক্ষিণী রাজ্য কেরালার কোল্লাম জেলার ইয়ারামে ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ২৪ বছর বয়সী এক নারী এবং তাঁর সদ্যোজাত যমজ কন্যাদের। ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারির ওই দিনে পঞ্চায়েত অফিস থেকে ১৭ দিন বয়সী দুই শিশুর জন্মসনদ আনতে গিয়েছিলেন রঞ্জিনী নামের ওই নারীর মা। ফিরে এসে দেখেন মেয়ে ও তাঁর সন্তানদের মৃতদেহ ঘরে পড়ে আছে।
তদন্তে জানা যায়, কোল্লামের আঁচল এলাকার বাসিন্দা এবং ভারতীয় সেনাবাহিনীর ৪৫ এডি রেজিমেন্টের (পাঠানকোট) সদস্য ২৮ বছর বয়সী দিবিল কুমারের সঙ্গে রঞ্জিনীর প্রেমের সম্পর্ক ছিল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি তাঁদের যমজ কন্যার জন্ম হয়। এরপর রঞ্জিনীকে এড়িয়ে চলতে থাকেন দিবিল।
বিয়ে ও সন্তানদের পিতৃত্বের স্বীকৃতির দাবিতে রঞ্জিনী কেরালা রাজ্য মহিলা কমিশনের শরণাপন্ন হন। কমিশন ওই যমজ শিশুদের পিতৃত্ব নির্ধারণের জন্য একটি পরীক্ষার নির্দেশ দেয়। এতে দিবিল কুমার ক্ষুব্ধ হয়ে রঞ্জিনীকে হত্যার পরিকল্পনা করেন।
তদন্ত সিবিআই কর্মকর্তারা জানান, একই সেনা রেজিমেন্টে দিবিল কুমারের সহকর্মী ছিলেন রাজেশ পি (৩৩)। তিনি রঞ্জিনী ও তাঁর মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। রঞ্জিনীকে বিয়ে করতে কুমারকে রাজি করাবেন বলে আশ্বাস দেন রাজেশ। তারপর ঘটে এই পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার পরপরই দিবিল কুমার ও রাজেশ পালিয়ে যান। ২০০৬ সালের মার্চ মাসে সেনাবাহিনী তাঁদের পলাতক ঘোষণা করে।
তদন্তের পরও কোনো কূলকিনারা না করতে পেরে ২ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করেছিল স্থানীয় পুলিশ। তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে ২০১০ সালে কেরালা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই অনেক বছর ধরে তদন্ত চালিয়েও কোনো সূত্র খুঁজে পায়নি।
এর মধ্যে কেটে গেছে ১৯ বছর। এক সূত্রে সিবিআই জানতে পারে, দিবিল কুমার ও রাজেশ পুদুচেরিতে ভুয়া নাম নিয়ে বসবাস করছেন। আধার কার্ডসহ নতুন নথি তৈরি করেছেন তাঁরা। এমনকি দুজনে বিয়েও করেছেন পৃথকভাবে, সন্তানও আছে তাঁদের।
দীর্ঘদিন নজরদারির পর সিবিআইর চেন্নাই ইউনিট গত শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে কোচিতে নিয়ে আসে। গতকাল শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। সিবিআই রিমান্ডের সময় আরও বাড়ানোর আবেদন করবে বলে জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে