ভারতের ওডিশায় এক পুলিশ সদস্যের গুলিতে আহত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাস মারা গেছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে গুলি করেন পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস। নাবা কিশোর বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানায়, গুলিটি তাঁর হৃৎপিণ্ডে আঘাত হানে। জরুরিভিত্তিতে তাঁকে আইসিইউতেও নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাবা কিশোর দাসকে গুলির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর সমর্থকেরা ‘নিরাপত্তা ত্রুটি’ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে