
ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা নিমিশা প্রিয়া পেশায় নার্স। চাকরিসূত্রে থাকতেন ইয়েমেনে। ২০১৭ সালে সেখানকার এক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় নিমিশাকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিমিশার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি।
এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সোমবার এক বিবৃতিতে জানান, ইয়েমেনে নিমিশা প্রিয়ার দণ্ডের বিষয়ে অবগত ভারত। সরকার তাঁর পরিবারকে সহায়তা দিচ্ছে।
আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানা যায়, আগামী এক মাসের মধ্যে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।
তবে নিমিশার পরিবার তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তাঁর মা প্রেমা কুমারী ইয়েমেনের রাজধানী সানাতে গিয়ে মেয়ের মৃত্যুদণ্ড মওকুফের জন্য আবেদন করেছেন। ‘ব্লাড মানি’ বা রক্তমূল্য দেওয়া নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।
২০১৪ সালে নিমিশার স্বামী ও মেয়ে ভারতে ফিরে আসেন। ২০১৬ সালে ইয়েমেনে যাওয়া–আসায় নিষেধাজ্ঞা জারি করে ভারত। সে সময় ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন নিমিশা। সেখানে পরিচয় হয় তালাল আবদো মাহদি (৫৬) নামের এক ব্যক্তির সঙ্গে। তাঁর সহায়তায় ইয়েমেনে ক্লিনিক খোলেন নিমিশা।
পরবর্তীতে মতপার্থক্যের জেরে নিমিশার পাসপোর্ট নিয়ে নেন মাহদী। পাসপোর্ট উদ্ধার করতে মাহদিকে ঘুমের ইনজেকশন দেন নিমিশা। চেয়েছিলেন পাসপোর্ট নিয়ে দেশে ফিরে আসতে। তবে ইনজেকশনের ওভারডোজে মৃত্যু হয় মাহদির। তখন মৃতদেহটি টুকরো করে ক্লিনিকের ট্যাংকে ফেলে পালান নিমিশা। পরে ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন তিনি।
নিমিশাকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ১৩ নভেম্বর তাঁর আপিল খারিজ করে দেন শীর্ষ আদালত। এবার প্রেসিডেন্টও মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছেন। এখন নিমিশা ও তাঁর পরিবার রাষ্ট্রীয় সহায়তায় দণ্ড মওকুফ পাওয়ার চেষ্টা করছেন।
এদিকে নিমিশার আইনজীবী সুভাষ চন্দ্র জানিয়েছেন, মাহদির পরিবার যদি রক্তমূল্য বা দিয়া অর্থ গ্রহণ করতে রাজি হয় এবং অভিযুক্তকে ক্ষমা করে দেয়, তাহলে মৃত্যুদণ্ড বাতিল করা সম্ভব।
ইসলামি শরিয়া আইন অনুযায়ী, ভুক্তভোগী বা নিহতের পরিবারকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণকে ব্লাড মানি বা দিয়া অর্থ বলা হয়।
আইনজীবী সুভাষ বলেন, ‘আমরা ইয়েমেনের কিছু আইনি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদেশের পর প্রেসিডেন্টের সম্মতি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, তবে পরিবার যদি ক্ষমা করে এবং অর্থ গ্রহণ করে, তাহলে তার জীবন বাঁচানো সম্ভব।’
তবে ইয়েমেনে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মাহদির পরিবারের সঙ্গে আলোচনা করা কঠিন হয়ে উঠছে বলে জানান সুভাষ।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পরিবার মাহদির পরিবারকে দিয়া অর্থ দেওয়ার জন্য আলোচনা করার চেষ্টা করছিলেন। তবে গত সেপ্টেম্বরে ভারতীয় দূতাবাসের নিয়োগকৃত আইনজীবী আব্দুল্লাহ আমির ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকা প্রায়) দাবি করলে এ উদ্যোগ আর এগোয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৯ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে