
ভারতের বিহার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষার্থীদের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
গতকাল রোববার রাতে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী পাটনার গান্ধী ময়দানে জড়ো হন। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাড়িতে মিছিল করে এগোতে শুরু করলে পুলিশ তাঁদের থামাতে লাঠিচার্জ করে।
চাকরিপ্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে রাতেই মামলা রুজু করেছে পুলিশ।
বিহার পুলিশ বলছে, পাটনার গান্ধী ময়দানে বিক্ষোভকারীদের জড়ো করতে চেয়ে পিকে আগের দিন শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্ত তাঁকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও রোববার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত হয়। এই কর্মসূচিকে সমর্থন করেন পিকে।
৭০ তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন গত ১৩ ডিসেম্বর। এরপর থেকে টানা বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে বারবার মুখ্যমন্ত্রী নিতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলোতে কারচুপি চলছে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বারবার দিল্লি যেতে পারেন, কিন্তু একবার নিজের রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার অবকাশ তিনি পান না।
বিহারে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী রাজনীতিকেরাও সমর্থন করেছেন।
রোববার রাতে গান্ধী ময়দান থেকে কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল নিয়ে হাঁটতে শুরু করেন। তাঁদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর লাঠিচার্জ করা হয়। চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে।
পিকেসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিহার পুলিশ। এ ছাড়া, ৬০০–র বেশি অজ্ঞাতনামা বিক্ষোভকারীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতে ভোট কুশলি হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। এক সময় তিনি বিজেপি এবং পরে তৃণমূল কংগ্রসের পক্ষে ভোট কুশলি হিসেবে কাজ করে সফলতা দেখিয়েছেন তিনি। পরে নিজেই জন সুরাজ পার্টি নামে দল গঠন করেছেন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে