
যুদ্ধবিরতি ঘোষণার এক দিন পরই গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর একটি রকেট সংরক্ষণাগারে হামলা চালায় তারা। এ হামলার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলার প্রসঙ্গে ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করা ‘সন্দেহভাজন’ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাদের দাবি, এই তৎপরতা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনে শামিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম ইসরায়েলি বিমান হামলা ছিল এটি।
লেবাননের নিরাপত্তা সূত্র ও আল জাদিদ টেলিভিশন চ্যানেল জানায়, লিতানি নদীর উত্তরে বায়সারিয়াহর কাছে একটি স্থানে এই হামলা হয়। যুদ্ধবিরতির চুক্তিতে লিতানি নদীর দক্ষিণের সামরিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ না করার কথা বলা হলেও নদীর উত্তরের সামরিক স্থাপনাগুলোর বিষয়ে কিছু উল্লেখ নেই।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের পাঁচটি শহরে ও কিছু কৃষি অঞ্চলে গুলি চালায়। এতে অন্তত দুজন আহত হয়েছে। এই এলাকাগুলো লেবানন–ইসরায়েলের সীমান্তরেখা ‘ব্লু লাইন’ থেকে দুই কিলোমিটারের মধ্যে। যুদ্ধবিরতি চলাকালে সেখানে প্রবেশও নিষিদ্ধ করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বেশ কিছু সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করেছে, যেগুলো তাদের জন্য হুমকি মনে হয়েছে এবং এগুলো যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন। চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি বলেছেন, ‘এই চুক্তি লঙ্ঘন হলে জবাব দিতে দেরি করা হবে না।’
বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১৪–এ সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকার বাস্তুচ্যুত পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে আসার চেষ্টা করছে। তবে ইসরায়েলি সেনারা সীমান্তে লেবানন ভূখণ্ডের মধ্যে শহরগুলোতে অবস্থান করছে। ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রেখেছে তারা। এ ছাড়া এ অঞ্চলে বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল বুধবার থেকে কার্যকর হয়। চুক্তিতে বলা হয়, ৬০ দিনের মধ্যে ইসরায়েলি ও হিজবুল্লাহ সেনারা যথাক্রমে ইসরায়েলি সীমান্তের উত্তর ও লিতানি নদীর দক্ষিণের এলাকা ত্যাগ করবে।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৭০০ জনেরও বেশি নিহত হয়েছে এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে কমপক্ষে ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মধ্যে প্রায় ৫০ জন ইসরায়েলি সেনা লেবাননে স্থল অভিযানে নিহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে