হামাসের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত হয়েছিলেন শিরি বিবাস ও তাঁর দুই সন্তান। গতকাল বৃহস্পতিবার শিরি ও তাঁর সন্তানদের সহ মোট চারটি মরদেহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে—২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলের বোমা হামলায় তারা নিহত হয়েছে। তবে মরদেহ পাওয়ার পর ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ফেরত পাঠানো দেহগুলোর মধ্যে শিরি বিবাস নেই।
শুক্রবার বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী শিরি বিবাসের দুই সন্তানের মধ্যে অ্যারিয়েল বিবাসের বয়স ছিল পাঁচ এবং কেফি বিবাসের বয়স ছিল মাত্র দুই বছর। তাদের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর ইসরায়েলে শোকের ছায়া নেমে আসে।
মরদেহ বুঝে নেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবাস পরিবারের সদস্যদের জানিয়েছে, হামাসের হস্তান্তর করা মৃতদেহগুলোর মধ্যে তাদের দুই সন্তানের দেহ শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় দেহটি নিশ্চিতভাবেই তাদের মা শিরি বিবাসের নয়।
এ অবস্থায় হামাসের কাছে শিরি বিবাসের দেহ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অবশিষ্ট সব বন্দীর মুক্তির দাবি জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
বিষয়টি নিয়ে এক্স মাধ্যমের এক পোস্টে আইডিএফ বলেছে, ‘পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় দেখা গেছে, অতিরিক্ত যে দেহটি ফেরত দেওয়া হয়েছে, তা শিরি বিবাসের নয় এবং কোনো বন্দীর সঙ্গেও এটি মেলেনি। এটি একটি অজ্ঞাত পরিচয়ের দেহ।’
হামাসকে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে আইডিএফ আরও বলেছে, ‘হামাস চারজন মৃত বন্দীর দেহ ফেরত দেওয়ার চুক্তির শর্ত ভঙ্গ করেছে। আমরা দাবি জানাই, শিরিকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হোক এবং আমাদের সব বন্দীকে মুক্ত করা হোক।’
আইডিএফের মতে, ২০২৩ সালের নভেম্বর মাসে জিম্মি থাকা অবস্থায় শিরি বিবাসের দুই সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
অপহৃত হওয়ার সময় শিরি বিবাসের বয়স ছিল ৩২ বছর। সেই সময়টিতে তাঁর ছেলে অ্যারিয়েলের বয়স ছিল চার, আর কেফির বয়স ছিল মাত্র ৯ মাস। অপহৃত হয়েছিলেন শিশুদের বাবা ৩৪ বছরের ইয়ারডেন বিবাসও। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ইয়ারডেন মুক্তি দেয় হামাস।
এদিকে বৃহস্পতিবার ফেরত পাঠানো মরদেহগুলোর মধ্যে চতুর্থ দেহটি ইসরায়েলি শান্তিকর্মী ওদেদ লিফশিৎজের বলে নিশ্চিত করেছে ইসরায়েল।
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তির আওতায় বন্দীদের দেহ হস্তান্তরের ব্যাপারে সম্মতি হয়েছিল। ইসরায়েল জানিয়েছে, তারা আশা করছে মোট ৮টি মরদেহ হস্তান্তর করবে হামাস।
উল্লেখ্য, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে ৩৩ জন বন্দীর বিনিময়ে প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পরবর্তীতে বন্দীদের মুক্তির মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও, তা এখনো শুরু হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখনো ৬৬ জন বন্দী আটকে রয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই জীবিত বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরও তিনজন জিম্মি আছেন, যারা প্রায় এক দশক আগেই অপহৃত হয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামাস হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। সেই হামলায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর থেকেই ইসরায়েলি বাহিনী গাজার ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে। অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৮ হাজার ২৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই সাধারণ ফিলিস্তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৪ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৩ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে