পরিচিতি
কিতাবটির পূর্ণ নাম আল-জামি আল-মুসনাদ আস-সহিহ আল-মুখতাসার মিন উমুরি রাসুলিল্লাহি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) ওয়া সুনানিনিহি ওয়া আইয়ামিহি। এর অর্থ হলো, রাসুল (সা.)-এর আদর্শ ও জীবনের সব দিক সম্পর্কে বর্ণিত বিশুদ্ধ সনদযুক্ত হাদিসসমূহের সংক্ষিপ্ত সংকলন। অধিকাংশ হাদিস গবেষকের মতে, এটিই প্রথম শতভাগ বিশুদ্ধ হাদিসের সংকলন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে পবিত্র কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য কিতাব এটিই।
বৈশিষ্ট্য
হাদিস গবেষকগণ এই কিতাবের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন।
তাৎপর্যপূর্ণ শিরোনাম: ইমাম বুখারি (রহ.) বিষয়ভিত্তিক সূচিতে হাদিসগুলো সংকলন করেছেন এবং প্রতিটি বিষয়ের জন্য একটি গভীর অর্থবহ ও তাৎপর্যপূর্ণ শিরোনাম লিখেছেন।
সনদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা: আবুল ফজল আল-মাকদিসি বলেন, ‘সহিহুল বুখারিতে শুধু সেই সব হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলো প্রসিদ্ধ সাহাবি থেকে বর্ণিত হয়েছে এবং সব স্তরের বর্ণনাকারীগণ রিজাল গবেষকদের সর্বসম্মতিক্রমে নির্ভরযোগ্য।’ ইবনে হাজার আসকালানি বলেন, ‘যে হাদিসের বর্ণনাকারীদের পারস্পরিক সাক্ষাৎ প্রমাণিত নয়, সমসাময়িক হওয়ার দরুন তাদের মধ্যে সাক্ষাতের সম্ভাবনা থাকলেও সহিহ আল-বুখারিতে সেই হাদিস অন্তর্ভুক্ত করা হয়নি।
রচনার পটভূমি
ইতিপূর্বে যত হাদিসের কিতাব রচিত হয়েছিল, তাতে বিশুদ্ধ হাদিসের পাশাপাশি কিছু দুর্বল ও বানোয়াট হাদিসও ছিল। তাই নিরেট বিশুদ্ধ হাদিসের একটা কিতাব রচনা করা সময়ের দাবি ছিল। ইমাম বুখারির শিক্ষক ইমাম ইসহাক বিন রাহওয়াইহ একদিন তাঁকে কাজটি করার পরামর্শ দিলেন। শিক্ষকের পরামর্শ ইমাম বুখারি গুরুত্বসহকারে নিয়ে সহিহ আল-বুখারি রচনার প্রাথমিক সিদ্ধান্ত নেন। এ সময় তিনি স্বপ্নে দেখলেন, তিনি রাসুল (সা.)-এর পাশে দাঁড়িয়ে একটি পাখা দিয়ে তাঁর আশপাশ থেকে পোকামাকড় তাড়িয়ে দিচ্ছেন। স্বপ্ন ব্যাখ্যাকারেরা এর ব্যাখ্যায় বললেন, ‘আপনি রাসুলের নামে ছড়িয়ে পড়া মিথ্যাসমূহ বিতাড়িত করবেন। এতে তিনি সহিহ আল-বুখারি রচনা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এরপর তাঁর কাছে থাকা প্রায় ৬ লাখ হাদিস থেকে যাচাই-বাছাই করে কালজয়ী এই গ্রন্থ রচনা করেন।
এর জন্য প্রয়োজনে বিভিন্ন দেশে সফর করেছেন। দীর্ঘ ১৬ বছর পর তা সম্পন্ন হয়। প্রতিটি হাদিস লেখার আগে ইস্তেখারা করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন। রচনা সম্পন্ন হওয়ার পর একাধিকবার সম্পাদনা করেছেন। এরপর তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় হাদিসবিশারদ ইমাম আলী ইবনুল মাদিনি, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন ও ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)-এর কাছে তা উপস্থাপন করেন। তাঁরা গভীরভাবে অধ্যয়নের পর এর ভূয়সী প্রশংসা করেন এবং বিশুদ্ধতার সাক্ষ্য দেন।
হাদিসের সংখ্যা
ইমাম ইবনে সালাহ ও ইমাম নববি বলেন, সহিহুল বুখারিতে মোট হাদিস আছে ৭ হাজার ২৭৫টি। পুনরুক্তিকৃত হাদিস বাদ দিয়ে ধরলে ৪ হাজার। ইবনে হাজার আসকালানি বলেন, তালিকাত, মুতাবিআত, পুনরুক্তি—সব মিলিয়ে হাদিস আছে ৯ হাজার ৮২টি। পুনরুক্তি ও অন্যান্য অমৌলিক হাদিস না ধরলে এর সংখ্যা ২ হাজার ৬০২।
মুদ্রণ
লেখকের জীবদ্দশায়ই কিতাবটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে। বর্ণিত আছে, ৭০ হাজারের বেশি মানুষ সরাসরি তাঁর থেকে কিতাবটি শুনেছেন এবং অসংখ্য মানুষ তা লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন। তন্মধ্যে মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরেব্রির সূত্রে মারুজির বর্ণনায় লিখিত কপিটি সর্বাধিক গ্রহণযোগ্যতা পায়। পরবর্তী সময়ে বিভিন্ন আধুনিক ছাপাখানা থেকে তা মুদ্রিত হয়।
সূত্র: ফাতহুল বারি, আল হাদিসু ওয়াল মুহাদ্দিসুন, তাদরিবুর রাবি, তাহজিবুত তাহজিব।
লেখক: শিক্ষক ও গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১০ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১০ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১০ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১০ ঘণ্টা আগে