
‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের নিন্দিত ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা এখনো বাতিল হয়নি কেন, এই দাবি খুব জোরালোভাবে ওঠা উচিত। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ায় কালাকানুনের উপাদান রয়ে গেছে। তাই সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এ অধ্যাদেশের খসড়া নতুন করে তৈরি করা উচিত।’
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ (খসড়া)-রাষ্ট্রীয় নিবর্তনব্যবস্থা বহাল ও ভুক্তভোগীদের বয়ান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগীরা তাঁদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ‘৭ দিনের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু তারপর বহু ৭ দিন পার হয়ে গেলেও তা বাতিল হয়নি কেন, এই দাবি খুব জোরালোভাবে ওঠা উচিত। যাঁরা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কারণে জেল খেটেছেন, তাঁদের কাছে ক্ষমতার অপব্যবহারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে।’
সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, ২০২৪ খসড়া প্রসঙ্গে কামাল আহমেদ বলেন, এই আইন করার ক্ষেত্রে সবার মতামত নেওয়া হয়নি। সরকার সব শ্রেণির নাগরিকদের সঙ্গে আলোচনা করে এই খসড়ার পুনর্লিখন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভার আয়োজক ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-আহ্বায়ক শহীদুল আলম জানান, তাঁকে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। জামিনের সময় রায়ে বিচারক লিখেছিলেন, অভিযোগের সঙ্গে সম্পর্কিত আলামত পাওয়া যায়নি। কিন্তু তারপরও সেই মামলা চলমান।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক সিমু নাসের। লিখিত বক্তব্যে বলা হয়, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪; গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানবাধিকারের বিরুদ্ধে একটি কালাকানুন। এটি পুলিশকে পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে নাগরিক হয়রানির সুযোগ সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে সৃজনশীলতার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এই অধ্যাদেশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই এটি অবিলম্বে বাতিলের দাবি জানাই।’
সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী ইসরাত জাহান রেইলী তাঁর বক্তব্যে বলেন, ‘দুই বছর সাত মাস আমি কারাগারে ছিলাম। আমাকে জানানো হয়, দোষ স্বীকার করলে খালাস পাব। দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার পর আমাকে মুক্তি দেওয়া হয়। তার আগে আমার রিমান্ড মঞ্জুর হয়েছিল। তা কার্যকর করেন একজন পুরুষ কর্মকর্তা। এটি আমার জন্য অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতা ছিল।’
‘ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক’-এর আহ্বায়ক দিদারুল ভূঁইয়া আওয়ামী লীগ আমলের বিতর্কিত মামলা এখনো প্রত্যাহার না করার বিষয়ে বলেন, ‘৭ হাজার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার মধ্যে মাত্র একটি বাতিল হয়েছে। সেটি উপদেষ্টা আদিলুর রহমান খানের।’
ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসিব উদ্দিন হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সালিম সামাদ প্রমুখ।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১০ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে